যুক্তরাষ্ট্রের বায়োটেক কোম্পানি মডার্নার করোনাভাইরাস ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের প্রাথমিক ফল ইতিবাচক বলে জানানো হয়েছে। ভাইরাসটির বিরুদ্ধে ভ্যাকসিনটি শরীরের প্রতিরোধক্ষমতাকে উদ্দীপিত করার প্রমাণ পাওয়া গেছে। এ ভ্যাকসিন তৈরিতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের সঙ্গে যৌথভাবে কাজ করছে মডার্না। সংস্থাটি জানিয়েছে, প্রথম ট্রায়ালে অংশ নেয়া আটজনের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছিল এবং সেটা নিরাপদ হিসেবে প্রমাণিত হয়েছে।
তবে মডার্নার ভ্যাকসিন জ্যাব কভিড-১৯ সংক্রমণের বিরুদ্ধে আসলেই সুরক্ষা দেয় কিনা তা দেখার জন্য বৃহত্তর ট্রায়ালগুলো আগামী জুলাইয়ে শুরু হওয়ার কথা রয়েছে। আগামী ট্রায়ালগুলোতে ঠিকঠাক ফল এলে আগামী জানুয়ারি নাগাদ তাদের ভ্যাকসিন সর্বসাধারণের জন্য চলে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মডার্নার পরীক্ষা কম, মধ্যম ও তীব্র তিন ধরনের ভ্যাকসিন ডোজের পরীক্ষা করা হয়। সর্বাধিক ডোজ প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে সর্বাধিক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। মডার্না বলছে, কভিড-১৯ থেকে সেরে ওঠা রোগীদের মধ্যে এমনকি সবচেয়ে কম ডোজ গ্রহণকারীদের মধ্যেও একই স্তরের অ্যান্টিবডিগুলো দেখা গেছে। এছাড়া সেরে ওঠা ব্যক্তিদের মধ্যে যাদের মাঝারি ডোজ দেয়া হয়েছিল, তাদের শরীরে উল্লেখযোগ্য মাত্রায় অ্যান্টিবডি দেখা গেছে।
এদিকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতকৃত একটি ভ্যাকসিনও মানব শরীরে পরীক্ষা করা হচ্ছে, তবে এখনো সেটার ফল পাওয়া যায়নি। এ ভ্যাকসিনটি বানরের ওপর পরীক্ষায় দেখা গিয়েছিল, তাদের কম মারাত্মক লক্ষণ হয়েছে এবং নিউমোনিয়া হয়নি।
বিবিসি





