ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) সাবেক পরিচালক ডা. থমাস ফ্রিডেন জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) থেকে রক্তের প্লাজমা চিকিৎসার জরুরি ব্যবহারের অনুমোদনের বিষয়টি রাজনৈতিকভাবে পরিচালিত হয়েছিল।

এফডিএ কমিশনার ডা. স্টিফেন হ্যান সোমবার প্লাজমার সুবিধাগুলো ভুলভাবে চিহ্নিত করার বিষয়টি স্বীকার করেছেন। এর আগে তিনি বলেছিলেন, প্লাজমা চিকিৎসা ১০০ করোনাভাইরাস রোগীর মধ্যে ৩৫ জনের জীবন বাঁচিয়েছিল।

সিএনএনের সঙ্গে সাক্ষাত্কারে ডা. থমাস ফ্রিডেন হ্যানের মন্তব্য এবং পরবর্তী সময়ে ক্ষমা চাওয়ার বিষয়টি ‘যথেষ্ট উদ্বেগের’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, যথেষ্ট উদ্বেগের এ কারণে যে এটাকে রাজনৈতিকভাবে চালিত ঘোষণা বলে মনে হয়।

বিশ্বজুড়ে স্বাস্থ্য উদ্যোগ ‘রিসলভ টু সেভ লাইভস’র বর্তমান সভাপতি ফ্রিডেন বলেন, সংক্রমণের একটি নির্দিষ্ট সময়ে যদি প্লাজমার কিছু ডোজ দেয়া যায় তাহলে এটা কিছু লোককে সহায়তা করতে পারে। আমরা নির্দিষ্ট সময় বা ডোজের সংখ্যা সম্পর্কিত প্রশ্নের উত্তরগুলো জানি না এবং এটা কেবল ‘ব্যবহার করুন’ বলার অর্থ আমরা কখনই উত্তরগুলো জানতে পারব না। অথবা প্রশ্নগুলোর উত্তর জানতে আরো অনেক বেশি সময় লাগবে, তাই এটা বড় উদ্বেগের।

সিএনএন