ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসের পরিচালনায় করোনাভাইরাস ভ্যাকসিনের ট্রায়ালে অংশ নিতে এক লাখেরও বেশি মানুষ নিবন্ধন করেছে। তবে গবেষকরা বলছেন, ট্রায়ালগুলোতে আরো স্বেচ্ছাসেবীর প্রয়োজন। তারা বিশেষত ভাইরাসে সংক্রমিত উচ্চ অগ্রাধিকার গোষ্ঠী, জাতিগত সংখ্যালঘু বা ৬৫ বছরের বেশি বয়সী আরো স্বেচ্ছাসেবীর সন্ধান করছেন। স্বেচ্ছাসেবীরা অনলাইনে নিবন্ধন করতে পারবে।
যুক্তরাজ্যের ভ্যাকসিন টাস্কফোর্সের সভাপতিত্বকারী কেট বিঙ্গহাম নাগরিকদের আহ্বান জানিয়েছেন, এই ট্রায়ালগুলো নিরাপদ, অনুগ্রহ করে নিবন্ধন করুন। তিনি বলেন, আমরা যত দ্রুত ক্লিনিক্যাল ট্রায়ালগুলো নথিভুক্ত করতে, ভ্যাকসিন দিতে এবং ফলাফলগুলো পাব, তত দ্রুত আমরা একটি ভ্যাকসিন পেতে পারি।
যুক্তরাজ্যে সেপ্টেম্বরের শেষ দিকে বেশ কয়েকটি ট্রায়াল শুরুর আশা করা হচ্ছে। বছরের শেষ নাগাদ কমপক্ষে অর্ধডজন করোনাভাইরাস ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালে থাকতে পারে। এর মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনটি এরই মধ্যে পরীক্ষায় উন্নত পর্যায়ে রয়েছে। এ ট্রায়ালগুলোর জন্য কয়েক লাখ স্বেচ্ছাসেবীর প্রয়োজন হবে। ট্রায়ালগুলোর মাধ্যমে তাদের ভ্যাকসিন বা প্লাসবো দেয়া হবে এবং তারপর ৬ থেকে ১২ মাসের মধ্যে কয়েকবার তাদের হাসপাতাল বা গবেষণা সাইট পরিদর্শন করতে হবে।
বিবিসি





