ভারতে বাড়ির কাজকর্ম সাধারণত নারীরাই করেন। লাখ লাখ মধ্যবিত্ত পরিবারে এসব কাজে সহায়তা করার জন্য পার্টটাইম রাঁধুনি, পরিষ্কারক কর্মী ও শিশুদের পরিচর্যার জন্য আয়াদের ভাড়া করা হয়। কিন্তু লকডাউনের কারণে তারা কাজে আসতে না পারায় বাড়িগুলোতে কী ঘটছে? উত্তরটি হলো দ্বন্দ্ব ও লড়াই। এমনকি একজন পিটিশন দায়ের করে এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন। পিটিশনে জানতে চাওয়া হয়েছে ঘর পরিষ্কার করতে ঝাড়ু কি কেবল নারীরাই  দেবেন?

পিটিশনের লেখক সুবর্ণা ঘোষ বাড়িতে রান্না করা, পরিষ্কার করা ও লন্ড্রি করতে করতে বিরক্ত হয়েছিলেন। তিনি চান প্রাধানমন্ত্রী তার পরবর্তী বক্তৃতায় এ বিষয়টি সমাধান করুন এবং সব ভারতীয় পুরুষকে গৃহকর্মগুলো ভাগ করে নিতে উৎসাহিত করুন। তিনি লিখেছেন, এটা একটা মৌলিক প্রশ্ন, কেন বেশি মানুষ এ বিষয়ে কথা বলে না। পিটিশনে প্রায় ৭০ হাজার স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে, যা ভারতজুড়ে লিঙ্গবৈষম্যের প্রতিফলন। বিবিসি