ভারতের মুম্বাইয়ের ৫০ জনের বেশি সাংবাদিক নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে কভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৪ হাজার ২০০। আর মুম্বাইয়ে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩০০ পেরিয়ে যাওয়ায় এটি ভারতের সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহর হিসেবে বিবেচিত হচ্ছে। এর মধ্যে মুম্বাইয়ে একের পর এক সাংবাদিক আক্রান্ত হওয়ায় উদ্বেগ আরো বাড়ছে।
৩০ জনের বেশি সাংবাদিক আক্রান্তের পরিপ্রেক্ষিতে কাজ চালিয়ে যাওয়া মুম্বাইয়ের সব সাংবাদিকের পরীক্ষা করার বিষয়ে সরকারের প্রতিক্রিয়া জানতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লাভ আগারওয়ালকে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক সংবাদ। সরকার প্রস্তাবিত কঠোর সতর্কতামূলক পদক্ষেপ নেয়া হবে।
সব সাংবাদিকের পরীক্ষা করার বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নমুনা পরীক্ষার মানদণ্ড অনুযায়ী যার পরীক্ষা করা দরকার, তার নমুনা নেয়া হবে।
সংবাদ সম্মেলনের পর জ্যেষ্ঠ সম্প্রচার সাংবাদিক আদিত্য রাজ কৌল এক টুইট বার্তায় জানান, এখন পর্যন্ত ৫৩ জন সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এজন্য তিনি এডিটরস গিল্ড ও নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশনকে অনুরোধ করেন, যেন তাদের সাংবাদিকদের খবর সংগ্রহে বাইরে পাঠানো না হয়।
সাংবাদিক আক্রান্তের খবর ছড়িয়ে পড়লে সোমবার তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভাদকার টুইটারে এক পোস্টে বলেন, এটা অবাক করার মতো বিষয় যে মুম্বাইয়ে ইলেকট্রনিক মিডিয়ার ৫০ জনের বেশি সাংবাদিক, বিশেষ করে ক্যামেরাপারসন কভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। প্রত্যেক সাংবাদিকের যথাযথ যত্ন নেয়া উচিত।
মন্ত্রী আরো বলেন, পর্যাপ্ত সুরক্ষা ও সতর্কতা অবলম্বন নিশ্চিত করতে সবগুলো পত্রপত্রিকা ও মিডিয়া প্রতিষ্ঠানে একটি নির্দেশনা পাঠানো হচ্ছে।
হিন্দুস্তান টাইমস





