গর্ভাবস্থাকে কভিড-১৯-এর ক্ষেত্রে উচ্চঝুঁকিসম্পন্ন পরিস্থিতিগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল স্বাস্থ্য কর্তৃপক্ষ। এতদিন করোনাভাইরাসে সংক্রমিত বেশির ভাগ গর্ভবতী নারী মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন না বলেই মনে করা হতো। কিন্তু বড় আকারের একটি গবেষণায় কভিড-১৯-এর লক্ষণসম্পন্ন হাজারো গর্ভবতী নারীকে পর্যবেক্ষণের পর নতুন করে সতর্কতার কথা বলা হচ্ছে।
গবেষণায় দেখা গেছে, গর্ভবতী নারীদের আইসিইউতে রেখে যত্ন নেয়ার প্রয়োজনীয়তা উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছিল। যেখানে তাদের যুক্ত করতে হয়েছিল বিশেষায়িত হার্ট-লাং বাইপস মেশিনের সঙ্গে। পাশাপাশি গবেষণায় দেখে গেছে, কভিড-১৯-এর লক্ষণ আছে কিন্তু গর্ভবতী না এমন নারীদের তুলনায় লক্ষণসম্পন্ন গর্ভবতী নারীদের মেকানিক্যাল ভেন্টিলেশনের প্রয়োজন বেশি। তবে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তা হলো উপসর্গহীন গর্ভবতী না এমন নারীদের তুলনায় গর্ভবতী মহিলারা ৭০ শতাংশ বেশি মৃত্যুঝুঁকিতে আছেন।
সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের গবেষণায় ১৫ থেকে ৪৪ বছর বয়সী ৪ লাখ ৯ হাজার ৪৬২ জনকে পরীক্ষা করা হয়, যারা করোনা টেস্টে পজিটিভ এসেছিলেন। এদের মধ্যে ২৩ হাজার ৪৩৪ জন ছিলেন গর্ভবতী।
সিডিসির স্বাস্থ্যবিজ্ঞানী শাশা এলিংটন বলেন, আমরা এখন বলছি গর্ভবতী মহিলারা মারাত্মক অসুস্থতার জন্য অধিকতর ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন। এর আগে আমরা বলেছিলাম, তাদের গুরুতর অসুস্থ হওয়ার অধিকতর ঝুঁকি থাকলেও ‘থাকতে পারে’।
পূর্ববর্তী গবেষণা করোনা আক্রান্ত গর্ভবতী নারীদের মৃত্যুর ক্ষেত্রে উচ্চঝুঁকির বিষয়টি খুঁজে না পেলেও নতুন গবেষণা বলছে, এ নারীরা গর্ভবতী নয় এমন নারীদের চেয়ে ১.৭ গুণ বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন।
নিউইয়র্ক টাইমস





