নভেল করোনাভাইরাসের মহামারীর কারণে প্রতিদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। এর মাঝে আক্রান্তদের অনেকে অবশ্য কভিড-১৯ থেকে সেরেও উঠেছেন। তবে সেরে ওঠাদের জন্য এ মুহূর্তে বিশেষ কোনো সুসংবাদ নেই। বরং সতর্কবার্তা প্রদান করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির পক্ষ থেকে দেয়া সতর্কবার্তায় বলা হয়েছে, এমন না যে যেসব মানুষ কভিড-১৯ থেকে সেরে উঠেছেন কোনো অ্যান্টিবডির উপস্থিতিতে তারা সুরক্ষিত এবং তাদের আবার ভাইরাস সংক্রমিত করতে পারবে না।
শুক্রবার প্রকাশিত এক বৈজ্ঞানিক বার্তায় বলা হয়, এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি যার ভিত্তিতে বলা যায়, যারা কভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন তারা দ্বিতীয়বার সংক্রমিত হবেন না।
এটা মূলত সেসব সরকারকে সতর্কবার্তা হিসেবে জানানো হয়েছে যারা কিনা কভিড-১৯ থেকে সেরে ওঠাদের ‘ইমিউনিটি পাসপোর্ট বা সুরক্ষা সনদ’
দেয়ার কথা বিবেচনা করছে। যার ফলে সেসব লোক নিরাপদ ও স্বাভাবিক জীবন যাপন করতে সক্ষম হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরো বলেছে, মহামারীর এ পর্যায়ে এসে এখনো যথেষ্ট প্রমাণ নেই যে অ্যান্টিবডি প্রতিরোধ সুনিশ্চিত করতে পারছে। যার ফলে ইমিউনিটি পাসপোর্ট বা ঝুঁকিমুক্ত হওয়ার সনদ প্রদান করা সঠিক নয়।
এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ড. মারিয়া ভ্যান কেরকোভে বলেছিলেন, যারা এরই মধ্যে ভাইরাসে আক্রান্ত হয়েছেন তারা সম্পূর্ণভাবে সুরক্ষিত কিনা তা জানা যায়নি। এবার সংস্থাটির নতুন বক্তব্যটিও তার আগের সে মন্তব্যকে সমর্থন করেছে।
সিএনএন





