যুক্তরাষ্ট্রের কোম্পানি মডার্না তাদের ভ্যাকসিনের ফেজ থ্রি ক্লিনিকাল ট্রায়াল শুরু করেছে। এ ট্রায়াল হচ্ছে যুক্তরাষ্ট্রেই। এ সপ্তাহে তারা তাদের ট্রায়ালে সংখ্যালঘু গোষ্ঠীর মানুষদের অন্তর্ভুক্ত করেছে, কিন্তু তা এখনো ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের পরিচালক ড. অ্যান্থনি ফাউসির অনুরোধ করা লক্ষ্যমাত্রা থেকে অনেক দূরে। মডার্নার ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে, তাদের ট্রায়ালের ২৪ শতাংশ অশ্বেতাঙ্গ। গত সপ্তাহে তাদের ট্রায়ালে সংখ্যালঘু ছিল ১৮ শতাংশ। এ সংখ্যালঘুদের মধ্যে আছে কৃষ্ণাঙ্গ বা আফ্রো-আমেরিকান, লাতিন, আমেরিকান ইন্ডিয়ান, আলাস্কান নেটিভ। কোনো স্থানের মোট জনসংখ্যায় সংখ্যালঘুরা যে হারে উপস্থিত থাকে ভ্যাকসিন ট্রায়ালেও তাদের সে হারে অন্তর্ভুক্ত করতে হয়। মডার্নার ট্রায়ালে ২৪ শতাংশ সংখ্যালঘুর উপস্থিতি এখনো সেই লক্ষ্য পূরণ করতে পারেনি। কারণ যুক্তরাষ্ট্রে মোট জনসংখ্যার ১৮ শতাংশ ল্যাটিনো, ১৩ শতাংশ কৃষ্ণাঙ্গ এবং আমেরিকান ইন্ডিয়ানের সংখ্যা মাত্র ১ শতাংশ। ফাউসি সম্প্রতি সিএনএনকে জানিয়েছিলেন যে তিনি চান ট্রায়ালে জনসংখ্যায় সংখ্যালঘুদের উপস্থিতির অনুপাতের দ্বিগুণ হারে তাদের যেন ট্রায়ালে অন্তর্ভুক্ত করা হয়। কারণ এই গোষ্ঠীগুলোকেই কভিড-১৯ বেশি আঘাত করেছে।

সিএনএন