পৃথিবীব্যাপী নভেল করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। তবে এর মাঝেই বিভিন্ন দেশ লকডাউনের বিধিনিষেধ শিথিল করার পথে হাঁটছে। এমনকি দেশের কোনো কোনো অঞ্চলে বার ও রেস্টুরেন্টও খোলা হচ্ছে। সম্প্রতি জাপান থেকে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, এসব রেস্টুরেন্ট থেকে কত সহজে ভাইরাস সারা দেশে ছড়িয়ে পড়তে পারে।
পাবলিক ব্রডকাস্টার এনএইচকে ও রোগ বিশেষজ্ঞদের করা পরীক্ষামূলক এই ভিডিওর বিশ্লেষণে ব্যাকলাইট ও ফ্লুরোসেন্টের উপাদান ব্যবহার করে দেখানো হয়েছে কত দ্রুত জীবাণুকে বিভিন্ন ধরনের বস্তুর মাধ্যমে মানুষের মাঝে ছড়িয়ে দেয়া যায় সেটি। এটি শুরু হয় রেস্টুরেন্টে বুফে খেতে আসা ১০ জনের একজন অতিথিকে দিয়ে। যার হাতে প্রথমে ফ্লুরোসেন্ট লাগানো হয়। এরপর সে গিয়ে প্রথমে খাবার নেয়। যেখানে প্লেট, চামচসহ অন্য অনেক বস্তু সে স্পর্শ করে। সে যে চামচ দিয়ে প্লেটে খাবার তুলে নিয়েছে, একই চামচ দিয়ে অন্যরাও ব্যবহার করে। সবাই এ সময় বেশ আনন্দের সঙ্গে নিজেদের খাবার উপভোগ করে।
কিন্তু বিপদটা বোঝা যায় ব্যাকলাইট জ্বালানোর পর। সেই রেস্টুরেন্টে উপস্থিত প্রায় সবার মাঝেই তখন প্রথম ব্যক্তির হাতে লেগে থাকা ফ্লুরোসেন্ট ছড়িয়ে গেছে, যা কিনা সাধারণ আলোয় বোঝা যাচ্ছিল না।
দ্য গার্ডিয়ান





