যুক্তরাষ্ট্রের উইন্টার স্প্রিংয়ের এক যুবক কভিড-১৯ পজিটিভ হওয়ার পর ইতালির বন্দরে একটি ক্রজ জাহাজ ও হাসপাতালে ৬২ দিন ধরে আটকে আছেন। আটবারের পরীক্ষায় মিশ্র ফলের কারণে তাকে দীর্ঘদিন এভাবে আটকে থাকতে হচ্ছে। দিনগুলো নিয়ে ২৮ বছর বয়সী টেইলর গ্রিমস নামের ওই যুবক জানিয়েছেন, এমনিতে ঠিকঠাক থাকলেও কিছু কিছু দিন সত্যিই খারাপ ছিল।
গ্রিমস একটি ক্রুজ সংস্থা এমএসসি ক্রুজের কর্মচারী হিসেবে ইতালির জেনোয়া থেকে জানুয়ারির মাঝামাঝিতে যাত্রা করেছিলেন। গ্রিমস তাদের ভূমধ্যসাগরীয় পথে গহনার দোকানে কাজ করেন।
১৭ মার্চ গ্রিমসের এক বন্ধু ও সহকর্মী কভিড-১৯ শনাক্ত হয়েছিলেন। এরপর গ্রিমস জাহাজের ক্যাপ্টেন ও চিকিৎসকের সঙ্গে কথা বলে স্বেচ্ছায় আইসোলেশনে চলে যান। এর ১৫ দিন পর গ্রিমসের ফল পজিটিভ আসে। তিনি বলেন, এরপর আরো সাতবার পরীক্ষা করেছি এবং পজিটিভ ও নেগেটিভ মিশ্র ফল পেয়েছি।
গ্রিমসের মা অ্যান গ্রিমস বলেন, আমরা তার মানসিক অবস্থা নিয়ে খুব উদ্বিগ্ন। গত সপ্তাহে সে ফোনে কাঁদছিল এবং বাড়ি আসতে চাইছিল। যদিও সবেমাত্র সে পজিটিভ ফল পেয়েছে। আমরা এটার (ফল) আদর্শ নিয়ে প্রশ্ন করি না। পরীক্ষাটি খুব ত্রুটিযুক্ত। তা না হলে কীভাবে একজন ৬২ দিন কোয়ারেন্টিন থাকার পরও ফল পজিটিভ আসে?
গ্রিমস বলেন, সর্বশেষ গত শনিবার সপ্তম পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে। এখন আমি অষ্টম ফলের অপেক্ষায় আছি, আশা করছি নেগেটিভ আসবে। এরপর আমি বাণিজ্যিক বিমান সংস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রে ফিরে যেতে সক্ষম হব। আমাকে যত দ্রুত যুক্তরাষ্ট্রে পৌঁছে দেয়া হবে ততই ভালো। যুক্তরাষ্ট্রের কোথায় পাঠানো হবে, তা নিয়ে আমি চিন্তা করছি না।
সিএনএন





