এতদিন কুকুর মাদক, কিংবা অস্ত্র খুঁজেছে; এবার তাকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে কোনো মানুষ করোনা আক্রান্ত কিনা তা শনাক্ত করতে। বলাই বাহুল্য, কুকুর যেকোনো কিছু শনাক্ত করে গন্ধ শুঁকে।

অ্যাশার নামের একটি স্প্যানিয়েল কুকুরকে প্রশিক্ষণ দিচ্ছে মেডিকেল ডিটেকশন ডগ। এরা কুকুরকে প্রশিক্ষণ দেয়। এবার তাকে দিয়ে চেষ্টা করা হচ্ছে কভিড-১৯ আক্রান্ত মানুষ শনাক্ত করার।

শুনতে বিস্ময়কর মনে হলেও এ প্রক্রিয়ার পেছনে বিজ্ঞানকেই ভিত্তি করা হয়েছে। বহুদিন থেকেই প্রচলিত আছে যে বিভিন্ন রোগের একটি বিশেষ ঘ্রাণ থাকে। যেমন ইয়েলো ফিভারের আক্রান্ত মানুষের দেহে কাঁচা মাংসের মতো গন্ধ পাওয়া যায়। যক্ষ্মা আক্রান্তের দেহে থাকে এক রকম বিয়ারের গন্ধ। এ ধরনের গন্ধ শনাক্ত করার ক্ষমতা মানুষের চেয়ে কুকুরের ১০ হাজার থেকে এক লাখ গুণ বেশি।

এরই মধ্যে ম্যালেরিয়া আক্রান্তের দেহে যে বিশেষ গন্ধের সৃষ্টি হয় তা শনাক্তে কুকুর সফল হয়েছে। বলাই বাহুল্য সে গন্ধ মানুষ পায় না। তবে কুকুর ও মশা তা শনাক্ত করতে পারে। এখন আশা করা হচ্ছে কভিড-১৯ রোগীকেও হয়তো কুকুর ঘ্রাণ শুঁকে শনাক্ত করতে পারবে।

দ্য গার্ডিয়ান