করোনাভাইরাস মহামারীর কারণে গত মার্চ থেকেই স্থগিত ছিল ইউরোপীয় ফুটবল। যদিও করোনার বর্তমান অবস্থা উন্নতির দিকে হওয়ায় সবাই আশা করেছিল দ্রুতই মাঠে ফিরবে ফুটবল। তবে মাঝপথেই ফ্রান্সের লিগ-১ ও লিগ-২ বাতিল করা হয়েছে। শিরোপা নির্ধারণ না করেই নেইমার-এমবাপ্পেদের লিগের চলতি ২০১৯-২০ মৌসুম বাতিল ঘোষণা করা হলো।

ফ্রান্সের প্রধানমন্ত্রী এডুয়ার্ড ফিলিপ ঘোষণা দিয়েছেন আগামী সেপ্টেম্বর পর্যন্ত দেশের মাটিতে কোনো ধরনের খেলাধুলার আসর আয়োজন করা যাবে না। সে দর্শকশূন্য মাঠে হলেও।

ফ্রান্সের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এলএফপি আগামী জুনের মাঝামাঝিতে মৌসুমের বাকি খেলা মাঠে গড়ানোর পরিকল্পনা করছিল। আগামী ১১ মে থেকে দেশটিতে লকডাউন শিথিল করার ঘোষণা দিলেও চলতি মৌসুম বাতিলের আদেশ দেন প্রধানমন্ত্রী।

ফরাসি লিগ ছাড়াও করোনাভাইরাসের কারণে ডাচ ও বেলজিয়ামের শীর্ষ লিগগুলোও এরই মধ্যে বাতিল ঘোষণা করা হয়েছে। ইউরোপীয় লিগগুলো তাদের মৌসুম সম্পূর্ণ বা বাতিল করতে চায়, তা ইউরোপীয় ফুটবলের পরিচালনা কমিটি উয়েফাকে আগামী ২৫ মের আগে জানাতে হবে।

বিবিসি