কয়েক মাসের লকডাউন শেষে যুক্তরাষ্ট্রের অর্থনীতি খুলতে শুরু করেছে। এর সঙ্গে সঙ্গে অর্থনীতিতে অধিকসংখ্যক নতুন চাকরি যুক্ত হচ্ছে। মে মাসে নতুন করে ২৫ লাখ চাকরি যুক্ত হওয়ায় দেশটিতে বেকারত্বের হার ১৩ দশমিক ৩ শতাংশে উঠে এসেছে। ১৯৩৯ সালে শ্রম পরিসংখ্যান ব্যুরো ডাটা ট্র্যাকিং শুরু করার পর এটিই চাকরি বৃদ্ধির সেরা মাস হিসেবে চিহ্নিত হয়েছে।
শ্রম দপ্তর উল্লেখ করেছে, মহামারী চলাকালীন কয়েক লাখ শ্রমিককে ‘কাজ না থাকলেও চাকরিজীবী’
হিসেবে ভুলভাবে গণনা করা হয়েছিল। যেখানে তাদের ‘অস্থায়ী লে-অফ কর্মহীন’
হিসেবে গণনা করার দরকার ছিল। এ ভুলগুলো যদি সংশোধন না করা হয়, তাহলে বেকারত্বের হার এপ্রিলে ১৯ দশমিক ২ এবং মে মাসে ১৬ দশমিক ১ শতাংশ হতো। তবে লকডাউনে শেষে যুক্তরাষ্ট্রজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা তাদের পুরনো চাকরিতে ফিরে আসতে শুরু করেছেন বা নতুন চাকরি অনুসন্ধান করছেন। কয়েকটি প্রতিষ্ঠান সর্বাধিক আয়ের কথাও জানিয়েছে।
রেস্তোরাঁ ও বার কর্মী
শ্রম ও পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, মে মাসে রেস্তোরাঁ ও বারগুলো খুলে দেয়ার পর প্রতিষ্ঠানগুলো ১৪ লাখ নতুন কর্মী যুক্ত করেছে। লকডাউনের সময় রেস্তোরাঁ ও বারগুলো কেবল টেকআউট ও ডেলিভারি পরিচালিত করতে পারবে—এমন প্রয়োজনীয় ব্যবসা হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তবে এভাবে ব্যবসা পরিচালনা করা শক্ত, মুনাফা করা কঠিন এবং জনস্বাস্থ্যের অন্যান্য উদ্বেগের কথা ভেবে অধিকাংশ প্রতিষ্ঠানই বন্ধ ছিল।
নির্মাণ শ্রমিক
লকডাউন শেষে ভালো মুনাফায় ফিরে আসা আরেকটি হলো নির্মাণ শিল্প। শিল্পটিতে মে মাসে ৪ লাখ ৬৪ হাজার চাকরি বেড়েছে এবং এপ্রিলে চাকরি হারানোর মধ্যে অর্ধেক কর্মী ফিরে এসেছেন। পুনরায় চালু হওয়ার পর নির্মাণ কার্যক্রম প্রথম পর্যায়ের অংশ এবং অনেক প্রকল্পে পুরোদমে কাজ শুরু হয়েছে।
খুচরা পোশাক কর্মী
দেশটির খুচরা পোশাক দোকানগুলোয় ৩ লাখ ৬৭ হাজার ৮০০ কর্মী ফিরে এসেছেন এবং দোকানগুলো সর্বাধিক মুনাফার খবর দিয়েছে। বৈশ্বিক কাপড় ও আনুষঙ্গিক খুচরা বিক্রেতা গ্যাপ মে মাসে ঘোষণা দিয়েছিল, তারা ওল্ড নেভি, গ্যাপ, ব্যানানা রিপাবলিক, অ্যাথলিট ব্র্যান্ডসহ ৮০০টি দোকান খুলে দেবে। ওয়ালমার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ডগ ম্যাকমিলান এ সপ্তাহে বলেছিলেন, সংস্থাটি বর্তমান দোকানের শ্রমিকদের কিছুটা বোঝা থেকে মুক্তি দিতে এবং যারা চাকরি হারিয়েছেন তাদের আরো বেশি সুযোগ দেয়ার জন্য যুক্তরাষ্ট্রে তিন লাখের বেশি সহযোগী নিয়োগ করেছে, তারা বেশির ভাগই অস্থায়ী কর্মী।
কারখানা শ্রমিক
কারখানার কাজগুলোও পুনরায় শুরু হয়েছে। উৎপাদন শিল্পটি ২ লাখ ২৫ হাজার নতুন কর্মী যুক্ত করেছে। ১৯৪৬ সালের পর মার্চে উৎপাদন সবেচেয়ে হ্রাস পাওয়ার পর এ উত্থান খাতটির জন্য দারুণ সুসংবাদ।
দন্ত চিকিৎসা কার্যক্রম
হাসপাতাল এবং অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা খোলা থাকলেও দন্ত চিকিৎসা কার্যক্রম বন্ধ ছিল। মে মাসে পুনরায় খোলার পর ২ লাখ ৪৪ হাজার ৮০০ কর্মী যুক্ত হয়েছেন।
খাদ্য ডেলিভারি ও লন্ড্রি কর্মী
এরই মধ্যে ব্যক্তিগত ও লন্ড্রি পরিষেবায় ১ লাখ ৮২ হাজার ৩০০ কর্মী কাজে যোগ দিয়েছেন। এখানে খাদ্য ডেলিভারি কর্মীরা যুক্ত রয়েছেন। লন্ড্রি একটি অপরিহার্য ব্যবসা হিসেবে বিবেচিত হয় এবং কিছু সাবধানতা অবলম্বন করে আবার খুলে দেয়া হয়েছে।
সিএনএন





