মোটা মানুষ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হলে তাদের বিপজ্জনকভাবে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এখন জনস্বাস্থ্য কর্তারা সতর্কবার্তা দিয়ে বলেছেন, জনগণের আরো বৃহৎ অংশও হয়তো ঝুঁকিতে রয়েছে। এমনকি যারা স্থূল নন, কিন্তু ওজন স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি তাদেরও মারাত্মকভাবে অসুস্থ হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এ সপ্তাহে বলেছে, এ বিষয়টি আমেরিকানদের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। ৪০ শতাংশ প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক অতিরিক্ত ওজনজনিত সমস্যায় ভুগছে এবং আরো ৩২ শতাংশের ওজন স্বাভাবিকের চেয়ে বেশি। স্থূলতা এবং অতিরিক্ত ওজন বিবেচনায় যা এখন সবার ওপরে।

নতুন হিসাব অনুযায়ী আমেরিকানদের প্রায় তিন-চতুর্থাংশ করোনা আক্রান্ত হলে তাদের ঝুঁকি রয়েছে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ার।

সিডিসির মেডিকেল অফিসার ড. ব্রুক বেলাই বলেন, এটা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ যে কর্তৃপক্ষ এবং সাধারণ মানুষ এ সম্ভাব্য ঝুঁকির বিষয়ে সচেতন হবে। বার্তাটি হচ্ছে প্রতিদিনের জীবনযাত্রায় স্বাস্থ্যকর পরিবর্তন নিয়ে আসতে হবে। সেটি করতে হবে স্বাস্থ্যকর খাবার খেয়ে, শারীরিক কসরতগুলো বাছাই করে এবং পর্যাপ্ত পরিমাণ ঘুমের মধ্য দিয়ে।

অতিরিক্ত ওজন ও স্থূলতা নির্ধারিত হয় ব্যক্তির ভর সূচক দ্বারা, এটা মূলত যে কারো ওজন ও উচ্চতার অনুপাত দ্বারা ঠিক করা হয়। সাধারণত কারো বিএমআই (বডি মাস ইনডেক্স) ১৮.৫ থেকে ২৪.৯-এর মধ্যে থাকলে তাকে স্বাস্থ্যকর ওজন বিবেচনা করা হয়। অতিরিক্ত ওজনের পরিধি বিএমআই ২৫ থেকে ২৯ পর্যন্ত এবং স্থূলতা শুরু হয় বিএমআই ৩০ থেকে।

নিউইয়র্ক টাইমস