নভেল করোনাভাইরাসে প্রতিনিয়ত বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা বিশ্ব। একের পর এক দেশকে এই মহামারীর কারণে দুর্যোগের ভেতর দিয়ে যেতে হচ্ছে। অনেকেই অবশ্য কিছুটা সামলে নিয়েছে মহামারীর ধকল। কেউ কেউ লকডাউন তুলে দিয়েছে। আবার কেউ কেউ শিথিল করে দিয়েছে লকডাউনের বিধিনিষেধ। কিন্তু এখনই নির্ভার হওয়ার বিপদ দেখছেন যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস বিশেষজ্ঞ এবং হোয়াইট হাউজের উপদেষ্টা ড. অ্যান্থোনি ফাউসি। তিনি বলেছেন, মহামারী এখনো শেষ হয়ে যায়নি।
এই মহামারীর কারণে ফাউসির চ্যালেঞ্জটি এখন অনেক বেশি। বিশেষ করে রক্ষণশীল ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে বেশ বিপাকে পড়তে হচ্ছে তাকে। তিনি বলেছেন, এই মহামারী তার জীবনের সবেচেয়ে বাজে দুঃস্বপ্ন।
মহামারীর ভয়াবহতা সম্পর্কে বলতে গিয়ে তার মন্তব্য, এই চার মাসের মধ্যে মহামারী বিশ্বকে বিধ্বস্ত করে দিয়েছে।
তিনি আরো বলেন, বিশ্বব্যাপী এখন লাখ লাখ মানুষ আক্রান্ত, যা ঘটেছে খুবই অল্প সময়ের মধ্যে।
মহামারী কখন শেষ হতে পারে জানতে চাইলে তার মত, কখন এটি শেষ হবে? আমার মনে হয় এখনো শুরুর দিকেই আছি।
কিন্তু ভাইরাস যে দ্রুততায় ছড়িয়ে পড়ছে, তাতে আশ্চর্যান্বিত হলেও তিনি আত্মবিশ্বাসী যে খুব দ্রুতই একাধিক চিকিৎসা ও ভ্যাকসিন হয়তো বাজারে চলে আসবে। ভ্যাকসিন নিয়ে তিনি আরো বলেন, এই শিল্প বোকা না, তারা এটি ঠিকই বের করবে। ভ্যাকসিনের ফিল্ডে বিশ্বব্যাপী একের চেয়ে বেশি বিজেতা আমরা দেখতে পাব। আমি নিশ্চিত যে আমরা লক্ষ্য অর্জনে ঠিকই সক্ষম হব।
এরই মধ্যে অবশ্য অনেকেই মানবদেহে ভ্যাকসিনের পরীক্ষা শুরু করেছে।
বিবিসি





