প্রাণঘাতী করোনাভাইরাসের ধ্বংসযজ্ঞের সমার্থক উহান এখন চীনা মিডিয়াজুড়ে বিজয়গাথার বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রাদুর্ভাবের পর দেশটির কর্মকুশলতার প্রতীক হিসেবে কর্মকর্তাদের প্রশংসাও করা হচ্ছে। অথচ তাদের ভুলেই শহরটির অনেক প্রাণ ঝরে গেছে।

চীনা সরকারি প্রচার সংস্থাগুলো এখন ভাইরাসটি প্রথম শনাক্ত হওয়া এ উহানের প্রতি শ্রদ্ধা জাগিয়ে তুলছে।

উহান এখন নায়কোচিত শহরের মর্যাদা পাচ্ছে। কারণ শহরটি সত্যিই মহামারী থেকে উল্লেখযোগ্য পুনরুদ্ধার করেছে। বিপুল মানুষদের পুল পার্টি ও জনাকীর্ণ বিনোদন পার্কগুলো শহরটির বিস্তৃত পুনরুদ্ধারের প্রমাণ। সেখানে ও চীনজুড়ে ভাইরাসটির সংক্রমণ এখন শূন্যের কাছাকছি।

মহামারীর প্রথম সপ্তাহগুলোতে সরকারের বড় ধরনের ভুলগুলোর বিষয়ে জনগণের যেকোনো দীর্ঘমেয়াদি ক্ষোভ দূর করতে সহায়তা করতেই এ প্রপাগান্ডা ডিজাইন করা হয়েছে। যেমন রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের তৈরি করা একটি ডকুমেন্টারি সিরিজে লি ওয়েনলিয়াংয়ের কথা উল্লেখ করা হয়নি। অথচ তিনিই ভাইরাসটি সম্পর্কে চিকিৎসক বন্ধুদের প্রথম সতর্ক করার জন্য শাস্তি পেয়েছিলেন এবং পরবর্তী সময়ে ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মারা গিয়েছিলেন। বাস্তবে নায়ক হিসেবে বিবেচিত চিকিৎসক ওয়েনলিয়াংকে বাদ দেয়ায় ইন্টারনেট ব্যবহারকারীরা নিন্দা জানিয়েছেন।

উহানের কিছু বাসিন্দা জানিয়েছেন, ভাইরাসটি থেকে পুনরুদ্ধারের লক্ষণগুলোর পাশাপাশি তারা তাদের চারপাশে প্রাদুর্ভাবের দাগগুলো এখনো দেখেন। আইনজীবী সোফিয়া হুয়াং বলেন, আমি মনে করি উহানের অনেক মানুষ এখনো এক ধরনের বেদনের মধ্যে বাস করছে। সরকারের ভুল ও সাফল্য পাশাপাশি দেখানো হলে আমি আনন্দের সঙ্গেই ডকুমেন্টারিটি দেখতাম। কিন্তু এখন এ নিছক প্রপাগান্ডামূলক প্রামাণ্যচিত্র দেখা সম্ভব নয়।

নিউইয়র্ক টাইমস