নভেল করোনাভাইরাসে গোটা বিশ্ব বিপর্যস্ত। সবচেয়ে বেশি ঝড়টা যাচ্ছে যুক্তরাষ্ট্রের ওপর দিয়ে। দেশটিতে শুক্রবার দুপুর পর্যন্ত ২৪ লাখ ২২ হাজার মানুষ আক্রান্ত ও ১ লাখ ২৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। তবে সংক্রমণ রোগ বিশেষজ্ঞরা বলছেন, বিপদ এখানেই শেষ নয়। আগামী শরতে দেশটিতে দ্বিতীয় ঢেউ আসতে পারে এবং তা প্রথমটির চেয়েও বেশি ভয়ংকর হতে পারে!
অনেক রাজ্য এরই মধ্যে লকডাউন শিথিল করে স্বাভাবিক হতে শুরু করেছে। আবার কোনো রাজ্যে অবস্থা এখনো বেশ নাজুক। যেমন টেক্সাসে ভাইরাসটি কোনো নিয়ন্ত্রণের মধ্যেই না আসায় অফিস-আদালত খুলে দেয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার।
যুক্তরাষ্ট্রের যেসব মানুষ এখন স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন দেখছে, তাদের জন্য বিশেষজ্ঞরা দিলেন আরেকটি দুঃসংবাদ। তারা বলেছেন, আগামী শরতে দ্বিতীয়বারের মতো হানা দিতে পারে ভাইরাসটি। ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটির সংক্রমণ রোগের অধ্যাপক ড. উইলিয়াম শাফনার বললেন, শরতে কভিড-১৯ ফিরে আসতে পারে বলে তিনি আতঙ্কিত। তার কথায়, ‘আমি ভীষণভাবে উদ্বিগ্ন, কেননা ভাইরাসটির বীজ গোটা যুক্তরাষ্ট্রেই বপন করা হয়ে গেছে, শরৎ এলে এটি আবারো ফিরে আসতে পারে এবং তখন এটি হয়তো সবাইকে তাড়া করবে। পরিস্থিতি এমনও হতে পারে, বড় বড় মেডিকেল সেন্টারের আইসিইউ এরই মধ্যে পরিপূর্ণ থাকায় মফস্বলের হাসপাতালগুলোকে তাদের এলাকার কভিড-১৯ রোগীদের সামাল দিতে হতে পারে। আমি কাউকে ভয় দেখাতে ঘৃণা করি, কিন্তু শরতে দ্বিতীয় ঢেউটা এরই মধ্যে মোকাবেলা করা প্রথম ঢেউয়ের চেয়ে খারাপ হতে পারে।’
মহামারী দ্বিতীয়বার ফিরে আসার নজিরও আছে। একশ বছর আগে স্প্যানিশ ফ্লু দ্বিতীয় দফায় ফিরে এসেছিল এবং তখন প্রথম ঢেউয়ের চেয়ে দ্বিতীয়টিতে বেশি মানুষের মৃত্যু হয়েছিল।
সিএনএন





