১০০ বছর আগে স্প্যানিশ ফ্লুর মহামারীতে যমজ ভাইকে হারিয়েছিলেন ফিলিপ কান। ১৯১৮ সালে শুরু হওয়া এই মহামারী কেড়ে নিয়েছিল লাখ লাখ প্রাণ। তাদেরই একজন ছিলেন কানের ভাই স্যামুয়েল। দুই ভাই একসঙ্গে জন্ম নেন ১৯১৯ সালের ৫ ডিসেম্বর। কিন্তু জন্মানোর কয়েক সপ্তাহ পরই ফ্লুর কবলে পড়ে মারা যান স্যামুয়েল। স্প্যানিশ ফ্লু থেকে নিজেকে বাঁচিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধেও অংশ নিয়েছিলেন কান। কিন্তু কে জানত, কানের জন্য অপেক্ষা করে আছে আরেকটি মহামারী। জন্মের প্রায় একশ বছর পর কভিড-১৯ নামে চলমান মহামারীতে এবার প্রাণ হারালেন ফিলিপ। তার মৃত্যুর সঙ্গে নিউইয়র্কের নাসাউ কাউন্টির সবচেয়ে অভিজ্ঞ ব্যক্তির বিদায় হলো।

জীবদ্দশায় আরেকটি মহামারীর সাক্ষী হওয়ার কারণে কান ভীত ছিলেন উল্লেখ করে তার নাতি ওয়ারেন জায়াসমান বলেন, তার সঙ্গে আমার এসব নিয়ে আলাপ হতো। তিনি আমাকে বলতেন, আমি তোমাকে বলছি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। ১০০ বছর অনেক দীর্ঘ কোনো সময় নয়।

এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন বিমান বাহিনীতে সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। একজন ইঞ্জিনিয়ার ও সহকারী পাইলট হিসেবে কাজ করেন তিনি। যার কাজ ছিল যুদ্ধবিমান সচল রাখা। এজন্য পরে স্বীকৃতিও লাভ করেন তিনি। পরে ইলেকট্রিকাল ফোরম্যান হিসেবে কাজ করেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নির্মাণের সময়।

ওয়ারেন বলেন, সবসময় সংবাদ দেখার কারণে তিনি জানতেন নভেল করোনাভাইরাসের কারণে কী হচ্ছে। মৃত্যুর একদিন আগে ভাইরাসের সংক্রমণে তার কাশি ও শ্বাসকষ্টের উপসর্গ দেখা যেতে শুরু করে। তিনি জানতেন তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সিএনএন