অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্যের ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত কভিড-১৯ ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়াল স্থগিত করা হয়েছে। যুক্তরাজ্যে তৃতীয় ও চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালে অংশগ্রহণকারী একজন স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়লে ট্রায়াল স্থগিতের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

শেষ পর্যায়ে থাকা ভ্যাকসিনগুলোর মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় হিসেবে দেখা হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়-অ্যাস্ট্রাজেনেকার টিকা। তবে এরই মধ্যে নতুন এ জটিলতা বেশ হতাশাজনক সংবাদ। সফলভাবে প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষা সম্পন্ন হয়েছে ভ্যাকসিনটির। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকাজুড়ে ৩০ হাজার অংশগ্রহণকারীর ওপর তৃতীয় পর্যায়ের পরীক্ষা চালানো হচ্ছে।

সর্বশেষ খবরে বলা হচ্ছে, যুক্তরাজ্যের একজন অংশগ্রহণকারীর শরীরে প্রতিক্রিয়া দেখা দেয়। তাত্ক্ষণিকভাবে সেটার কারণ জানা যায়নি। তবে তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। তদন্তকারীরা অসুস্থ ব্যক্তির অসুস্থতার বিবরণ খতিয়ে দেখবেন। তিনি যে ভ্যাকসিন পেয়েছিলেন তার ডোজ এবং তার সাধারণ স্বাস্থ্যের অবস্থাও দেখা হবে।

অ্যাস্ট্রাজেনেকা বলেছে, স্বতন্ত্র একজন পরীক্ষক ভ্যাকসিনটির নিরাপত্তার বিষয়গুলো যাচাই করা পর্যন্ত ভ্যাকসিনটির সব ধরনের আন্তর্জাতিক পরীক্ষা স্থগিত থাকবে। এরপর তদারকি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে যে পুনরায় পরীক্ষা কার্যক্রম শুরু করা হবে কিনা। ট্রায়ালে কারো অসুস্থতার কারণ যখন ব্যাখ্যা করা যায় না, তখন পরীক্ষায় এ ধরনের বিরতি স্বাভাবিক ঘটনা।

অক্সফোর্ডের এ টিকার পরীক্ষা এর আগেও একবার স্থগিত করা হয়েছিল। বড় ধরনের পরীক্ষায় এ ধরনের ঘটনা অনেক সময় ঘটে থাকে। তবে ধারণা করা হচ্ছে, কয়েকদিনের মধ্যেই আবার পরীক্ষার কার্যক্রম শুরু করা হবে।

বিবিসি