যুক্তরাষ্ট্রে সংক্রমণ অব্যাহত থাকলেও নতুন করে এখন আর ব্যাপকভিত্তিক লকডাউনের প্রয়োজন দেখছেন না দেশটির শীর্ষ বিশেষজ্ঞ অ্যান্থনি ফউসি। এএফপির সঙ্গে আলাপকালে এ সংক্রামক রোগ বিশেষজ্ঞ জানান, তিনি আশাবাদী যে শিগগিরই বিশ্বব্যাপী একটি ভ্যাকসিন তৈরি হবে, যা মহামারীর সমাপ্তি টানবে। ভ্যাকসিনের প্রাথমিক পরীক্ষার ফলাফলগুলোকে উৎসাহজনক হিসেবে অভিহিত করেন তিনি।
তিনি বলেন, আমি মনে করি না, লকডাউনে ফিরে যাওয়া নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। আমি মনে করি, এখন আমাদের ওই সব এলাকাকে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে হবে, যেখানে সংক্রমণটা এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
যুক্তরাষ্ট্রের এক সময়ের কেন্দ্রস্থল নিউইয়র্ক কভিড-১৯ নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। যদিও অন্য রাজ্যগুলোতে এখনো সংক্রমণ বাড়ছে।
ডা. ফউসি মনে করেন, লকডাউন তুলে নিয়ে সবকিছু খুলে দেয়ার বিষয়টি এখন দেখতে হবে রাজ্য ও অঞ্চলকে। যদি নতুন সংক্রমণ না থাকে তবে স্কুলগুলো খুলে দিতে হবে, আর অন্য অঞ্চলগুলোকে অপেক্ষা করতে হবে। দেশের যেখানে সংক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে, সেখানে বিদ্যালয় খুলে দিলেও কোনো সমস্যা নেই বলে জানান তিনি।
তবে সীমান্ত খুলে দেয়ার বিষয়ে সতর্কতার সঙ্গে মন্তব্য করেছেন ফউসি। তিনি বলেন, স্পষ্টতই অন্যান্য দেশের সঙ্গে আমাদের মিথস্ক্রিয়ায় স্বাভাবিকতার দিকে ফিরে যাওয়ার আগ্রহ রয়েছে। এ বিষয়ে প্রতিদিন পর্যালোচনা করা হলেও তিনি কোনো সময়সীমা দিতে রাজি হননি।
অন্যদিকে বিজ্ঞানীরা কয়েক দশক চেষ্টা করেও এইচআইভির ভ্যাকসিন আবিষ্কারে ব্যর্থ হয়েছে। এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে ফউসি বলেছেন, এ দুটি তুলনাযোগ্য না। নভেল করোনাভাইরাস নিয়ে অধিক আত্মবিশ্বাসের কারণটি হলো আমরা জানি যে বেশির ভাগ লোক ভাইরাসটি থেকে সেরে উঠছে এবং তাদের শরীরে ভাইরাসটির বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা তৈরি হচ্ছে।
লাইভমিন্ট





