নভেল করোনাভাইরাস দেশে প্রবেশ করেনি বলে এখন পর্যন্ত দাবি করে আসছে উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং-উনের সরকার। তা সত্ত্বেও উত্তর কোরিয়ার জনগণ কীভাবে এ ভাইরাস থেকে নিজেদের রক্ষা করতে পারে, সে সম্পর্কে নতুন নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় জনগণকে বিশেষজ্ঞ চিকিৎসকের অনুমোদন ছাড়া অ্যান্টিভাইরাল ওষুধ সেবন এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি অ্যালকোহল শরীরের প্রতিরোধক্ষমতা দুর্বল করে দেয়ার কারণ দেখিয়ে জনগণকে অ্যালকোহল পান না করার পরামর্শ দেয়া হয়েছে।
দেশটির কর্তৃপক্ষ বলেছে, নভেল করোনাভাইরাস প্রতিরোধ করতে শরীরের প্রতিরোধক্ষমতা বাড়িয়ে তুলতে ঐতিহ্যবাহী ঘরোয়া উপায়গুলো মেনে চলা উচিত। উদাহরণস্বরূপ, পেঁয়াজ, রসুন ও মধু খাওয়ার কথা বলা হয়েছে।
এছাড়া মাস্ক পরা এবং সেগুলো ঘন ঘন পরিবর্তন করা, ভাইরাসটির বিরুদ্ধে লড়াই করতে অ্যান্টিবায়োটিকের কোনো প্রভাব না থাকায় তা না খাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
কেবল এমন নির্দেশনা জারি করা জনগণের প্রতি সরকারের দায়িত্বহীনতাই প্রমাণ করে বলে অভিহিত করছেন বিশেষজ্ঞরা। দেশটির সবচেয়ে বিতর্কিত দাবি হলো, সেখানে এখন পর্যন্ত কোনো কভিড-১৯ রোগী শনাক্ত না হওয়া।
যদিও নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে গত জানুয়ারিতেই উত্তর কোরিয়া তাদের প্রতিবেশী চীনের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয়। দেশটি তাদের কূটনীতিকসহ কয়েক হাজার নিজস্ব নাগরিক এবং শত শত বিদেশীকে আইসোলেশনেও রাখে।
এক্সপ্রেস





