ক্রেতাদের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে জাপানের একটি দোকানে রোবট নিযুক্ত করা হয়েছে। কিয়োটোর অ্যাডভান্সড টেলিকমিউনিকেশনস রিসাার্চ ইনস্টিটিউট ইন্টারন্যাশনালের তৈরি করা এ রোবট এমন ক্রেতাদের শনাক্ত করতে সক্ষম যারা মাস্ক পরে নেই। এমন মানুষদের চিহ্নিত করে রোবটটি বিনীতভাবে তাদের মাস্ক ব্যবহারের অনুরোধ জানায়।
রোবভি নামের এ রোবট কেনাকাটা শেষে অর্থ প্রদানের সময় দূরত্ব না মেনে দাঁড়ালেও নির্দেশনা দিতে পারে। পেশাদার ফুটবল টিম সেরেজো ওসাকার ক্লাব দোকানে গত সপ্তাহে রোবটটির পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। পরীক্ষাটি চলতি মাসের শেষ অবধি চলবে।
রোবটটির তৈরি করা গবেষকরা আশা করেন, এ পরীক্ষার ফলে ক্রেতা ও দোকানের কর্মীদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ হ্রাস পাবে। তারা বিশ্বাস করেন, মানুষের চেয়ে রোবট মাস্ক পরতে বললে বেশির ভাগ মানুষ কম বিব্রতবোধ করবেন। কিয়োডো সংবাদ সংস্থার মতে, দোকানের বিন্যাস সম্পর্কে আগেই রোবটটিতে তথ্য ইনপুট দেয়া হয়। আর ক্যামেরা ও সেন্সর ব্যবহার করে এটা ক্রেতাদের গতিবিধি পর্যবেক্ষণ করে এবং লেজারের মাধ্যমে দূরত্ব পরিমাপ করে।
প্রকৃতপক্ষে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মানতে রোবভি বাধ্য করছে না। বরং এটা জাপানের জাতীয় প্রতিরোধমূলক ব্যবস্থার একটি অংশ। উল্লেখযোগ্য সংখ্যক সংক্রমণ ও মৃত্যুর ঘটনা এড়াতে পেরেছে এশিয়ার এই দেশটি। তবে এ শীত মৌসুমে অন্যান্য দেশে সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জাপানে নতুন নতুন স্বাস্থ্যবিধি নেয়া হচ্ছে। এখন পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে ১ লাখ ১৯ হাজার ৪২০ জন আক্রান্ত এবং ১ হাজার ৯০৮ জন মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে।
দ্য গার্ডিয়ান





