নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের সংখ্যা গুনতে গুনতে স্পেন ক্লান্ত। এই শোকের মধ্যে মৃতের সংখ্যা নিয়ে দেশটিতে শুরু হয়েছে রাজনৈতিক তর্ক।

স্পেনের রাজনৈতিক অঙ্গন নানা মতে বিভক্ত। এই বিভক্তি করোনাকালেও রঙ দেখাচ্ছে। মহামারীতে মৃতদের সংখ্যা নিয়ে তৈরি হয়েছে দ্বিধা, অবিশ্বাস। বিরোধী দল ও রাজনীতিবিদরা অভিযোগ করছেন যে সরকার মৃতদের প্রকৃত সংখ্যা লুকাচ্ছে। বিরোধী দল পপুলার পার্টির নেতা পাবলো কাসাদো বলেছেন, ‘স্প্যানিয়ার্ডরা এমন একটি সরকার প্রত্যাশা করে যারা তাদের জনগণের কাছে মিথ্যা বলবে না।’

গত সপ্তাহে পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে পাবলো কাসাদো স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, ‘সত্যি করে বলুন মৃতের সংখ্যা সরকারি হিসাবের দ্বিগুণ কিনা।’

সরকারি হিসাবে গতকাল পর্যন্ত ২০ হাজারের কাছাকাছি। কিন্তু স্পেনে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা আরো বেশি বলে দাবি করছে বিভিন্ন পক্ষ। তাদের দাবি, নার্সিং হোমগুলোতে যারা নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের সরকারি হিসাবে অন্তর্ভুক্ত করা হয়নি।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন। তবে দেশটি সম্প্রতি মৃতের সংখ্যা নতুন করে গুনতে শুরু করেছে।

নিউইয়র্ক টাইমস