জাতিসংঘ মনে করছে, উন্নয়নশীল দেশগুলোর দরিদ্র মানুষের জন্য অস্থায়ী ভিত্তিতে কিছু আয়ের ব্যবস্থা করলে তা করোনাভাইরাসের বিস্তার থামাতে সাহায্য করতে পারে।

জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এক প্রতিবেদন বলছে, কিছু তহবিল ১৩২টি দেশের ২৭০ কোটি মানুষকে ঘরে রাখতে পারে।

ইউএনডিপির প্রশাসক আচিম স্টেইনার বলেন, ‘নজিরবিহীন এই সময়ে নজিরবিহীন সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। বিশ্বের দরিদ্র মানুষগুলোর জন্য অস্থায়ী ভিত্তিতে কিছু আয়ের ব্যবস্থা করাটা একটা সমাধান হিসেবে উপযুক্ত প্রতীয়মান হয়েছে। বেইলআউট কিংবা পুনরুদ্ধার পরিকল্পনা তো শুধুই বড় বাজার ও বড় ব্যবসার জন্য প্রযোজ্য।’

ইউএনডিপির প্রতিবেদনে তিনভাবে গরীব মানুষকে অর্থ সাহায্য দেয়ার পরামর্শ দেয়া হয়েছে। এগুলো হলো: বর্তমান গড় আয়ের সঙ্গে কিছু বাড়তি অর্থ সাহায্য দেয়া; দেশব্যাপী জীবনমানের ভিন্নতার ওপর ভিত্তি করে কিছু থোক বরাদ্দ দেয়া; প্রবাসীদের জন্যও থোক বরাদ্দ দেয়া।

জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলেছে, মহামারী বিশ্বব্যাপী দারিদ্র্য বাড়িয়ে দিতে পারে। 

কভিড-১৯ মহামারীতে বিশ্বব্যাপী প্রায় ১ কোটি ৫০ লাখ সংক্রমিত ও ৬ লাখ মানুষের মৃত্যু হয়েছে।     

সূত্র: বিবিসি