যুক্তরাজ্যে নতুন পরীক্ষা ও অনুসন্ধান পদ্ধতির অধীনে সেলফ আইসোলেট হওয়ার জন্য বলবে—এমন ২৫ হাজার যোগাযোগ সন্ধানকারীর একটি দল তাদের কাজ শুরু করেছে। এ দলটি করোনাভাইরাস শনাক্ত ব্যক্তিদের মেসেজ, ই-মেইল বা কল করবে এবং আক্রান্ত ব্যক্তিরা কাদের সঙ্গে যোগাযোগ করেছে তাদের সন্ধান করবে।

সংক্রমিতদের সঙ্গে যোগাযোগ হওয়া ব্যক্তিদের ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে লক্ষণ দেখা না গেলেও তাদের আলাদা থাকতে বলা হবে। স্কটল্যান্ডও এমনই নিজস্ব ব্যবস্থা চালু করেছে এবং এটার মাধ্যমে লকডাউন শিথিল করা যাবে বলে আশা করা হচ্ছে।

যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) টেস্ট অ্যান্ড ট্রেস পদ্ধতির লক্ষ্য হলো লকডাউন তুলে দিয়ে আরো নির্দিষ্ট ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়া। সন্ধানকারী দলটি গত বুধবার শনাক্ত হওয়া ২ হাজার ২৩ জনের সঙ্গে যোগাযোগ শুরু করেছে।

স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক বলেছেন, তিনি আত্মবিশ্বাসী যে বিপুলসংখ্যক মানুষ এই স্বেচ্ছাসেবামূলক ব্যবস্থায় অংশগ্রহণ করবে।

যুক্তরাজ্যের উত্তর আয়ারল্যান্ডের এ প্রকল্পটি চালু করার নিজস্ব সংস্করণ রয়েছে এবং ওয়েলসের প্রকল্পটি জুনের শুরুতে চালু হতে চলেছে। সংক্রমিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা ব্যক্তিদের স্বয়ংক্রিয়ভাবে সতর্ক করার জন্য অ্যাপ্লিকেশনটির এখনো ট্রায়াল চলছে, তবে সরকার আশা করছে আগামী মাসেই ব্যবস্থাটি পুরোপুরি চালু হবে। এছাড়া দেশটিতে আগামী সপ্তাহে পর্যায়ক্রমে বিদ্যালয়গুলো খুলে দেয়ার লক্ষ্যে লকডাউন ব্যবস্থাগুলো শিথিলের কাজ চলছে।

এনএইচএস টেস্ট অ্যান্ড ট্রেসের চেয়ারম্যান বারনেস ডিডো হার্ডিং বুধবারের ব্রিফিংয়ে বলেছেন, লকডাউন শিথিল করে ব্যবসায়ের সুযোগ দেয়ার জন্য এই পরিকল্পনাটি তৈরি করা হয়েছে। এটা বিশাল জনগোষ্ঠীকে তাদের জীবনযাপনকে আরো সাধারণভাবে চালিয়ে যাওয়ার সুযোগ করে দেবে।

বিবিসি