লকডাউন ৩ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এ লকডাউন সারা দেশে সমানভাবে প্রয়োগ করা হবে না। বিশেষ করে করোনামুক্ত এলাকাগুলোতে নিয়মকানুন শিথিল থাকবে বলে জানা গেছে। এ ব্যাপারে বিস্তারিত নির্দেশিকার আগামীকাল বুধবার জারি করবে কেন্দ্র সরকার।

লকডাউন সময় বৃদ্ধির ঘোষণার সময় মোদি বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সারা দেশ থেকে লকডাউন সময় বৃদ্ধির পরামর্শ আসছে। এ কারণেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। এসময় সবাইকে ঘরে অবস্থান করতে এবং লকডাউনের নিয়মকানুন কঠোরভাবে মেনে চলতে পরামর্শ দেন ভারতীয় প্রধানমন্ত্রী।

তবে এ মাসেরই শেষ নাগাদ থেকে শর্তসাপেক্ষে যাতায়াতের অনুমতি আসতে পারে- এমন ইঙ্গিত দিয়েছেন নরেন্দ্র মোদি। তাছাড়া  এখন যেহেতু রবিশস্য কাটার মৌসুম চলছে এ কারণে কৃষক ও কৃষি শ্রমিকদের চলাচলে ছাড় দেয়ার কথা বলেছেন তিনি। তবে এসময় অবশ্যই সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেন।

উল্লেখ্য, গত ২৪ মার্চ দেশব্যাপী লকডাউন ঘোষণা করে ভারত। দেশবাসীকে কঠোরভাবে ঘরে থাকা নিশ্চিত করতে অনেক রাজ্যেই আইনশৃঙ্খলা বাহিনীকে শুরুর দিকে বেশ জোর খাটাতে দেখা গেছে। তবে লকডাউনের জেরে হাজার মানুষ কর্মহীন হয়ে পড়ায় পরিস্থিতি অনেক জটিল হয়ে গেছে। কিন্তু ভারতের করোনাভাইরাসে আক্রান্তে শনাক্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এ পরিস্থিতিতে লকডাউন সময় বৃদ্ধির পক্ষেই কথা বলছেন দেশটির অধিকাংশ রাজ্য সরকার।

সূত্র: এনডিটিভি