ফর্মুলা ওয়ান (এফ১) রেসের পুনরায় নির্ধারিত ২০২০ মৌসুমের প্রথম আটটি রেস অস্ট্রিয়ায় শুরু হচ্ছে শুক্রবার। তবে রেস শুরুর আগেই কোনো প্রতিযোগী বা তাদের দলের সদস্য কেউ কভিড-১৯ আক্রান্ত হলেও রেস স্থগিত করা হবে না বলে জানিয়ে দিয়েছেন ফর্মুলা ওয়ানের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী চেজ ক্যারি।
তিনি বলেন, ‘আমাদের এখানে একটা নিয়ম থাকবে, কেউ কভিড-১৯ পজিটিভ শনাক্ত হলেও রেস বাতিল করা হবে না। যদি একজন চালক আক্রান্ত হয়, তবে রিজার্ভ চালক দায়িত্ব পালন করবে।’
এর আগে ম্যাকলরেন দলের একজন সদস্য ভাইরাসটিতে সংক্রমিত হলে গত মার্চে রেস স্থগিত করা হয়েছিল। তবে চেজ ক্যারি এফ১ ওয়েবসাইটে বলেছেন, রেসটির বিন্যাস খুব বিস্তৃত হয়। তাই একটি দল রেসে অংশ নিতে না পারলে রেসটি বাতিল করা হবে না।
ক্যারি জানান, তিনি আত্মবিশ্বাসী যে কড়া প্রটোকলের মধ্যে রেসগুলো শুরু করলে উদ্বেগ কমে যাবে। তিনি বলেন, তবে যত দ্রুত সম্ভব সমস্ত ঝুঁকি পর্যালোচনা করার জন্য আমাদের হাতে যে উপায়গুলো আছে, তা নিশ্চিত করতে হবে।
বিবিসি





