নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে টাইপ ২ ডায়াবেটিসের তুলনায় টাইপ ১ ডায়াবেটিস রোগীদের মারা যাওয়ার আশঙ্কা বেশি। ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসের গবেষণায় বলা হয়েছে, ডায়াবেটিস উল্লেখযোগ্যভাবে করোনাভাইরাস আক্রান্তদের মৃত্যুঝুঁকি বাড়িয়ে তোলে। যুক্তরাজ্যের হাসপাতালগুলোয় করোনাজনিত মৃত্যুর প্রায় তিনজনের মধ্যে একজন ডায়াবেটিস আক্রান্ত ছিলেন।

নতুন এ গবেষণায় দেখা গেছে, অটো-ইমিউনের সঙ্গে যুক্ত টাইপ ১ ডায়াবেটিসে আক্রান্তরা ডায়াবেটিসহীন ব্যক্তিদের তুলনায় কভিড-১৯-এ মারা যাওয়ার সম্ভাবনা সাড়ে তিন গুণ বেশি। ব্রাইটন অ্যান্ড সাসেক্স মেডিকেল স্কুলের সংক্রামক রোগের ইমেরিটাস অধ্যাপক জন কোহেন বলেন, ডায়াবেটিস রোগীদের মধ্যে ব্যাকটেরিয়ার সংক্রমণ খুব সাধারণ এবং আরো মারাত্মক। এটা সাধারণত করোনাভাইরাসের মতো ভাইরাল সংক্রমণে সমস্যা বলে মনে করা হয়নি, তবে যেকেনো গুরুতর সংক্রমণ ইনসুলিন নিয়ন্ত্রণে সমস্যা সৃষ্টি করতে পারে। আর এটাই টাইপ ১ রোগীর মৃত্যুহার বৃদ্ধিতে অবদান রাখতে পারে।

তিনি বলেন, ডায়াবেটিস রোগীদের সম্ভবত করোনাভাইরাস সংক্রমণের খুব বেশি ঝুঁকি নেই। তবে তারা যদি এটাতে আক্রান্ত হন, তবে গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকি বেশি থাকে।

গার্ডিয়ান