নভেল করোনাভাইরাসে ঘোরতর এক সংকটকাল পার করছে মানবসমাজ। তবে কেবল মানুষের মাঝেই সীমাবদ্ধ নেই রোগের প্রভাব। এর আগে অন্য প্রাণীরও করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। তবে এবার নতুন এক মর্মান্তিক খবর দিয়েছে জার্মানির এক চিড়িয়াখানা কর্তৃপক্ষ। করোনায় অর্থ সংকট এতটাই চরমে উঠেছে যে শেষ সমাধান হিসেবে চিড়িয়াখানার প্রাণীদেরকেই হয়তো একে অন্যের খাদ্য জোগান দিতে হতে পারে। অর্থাৎ একটি প্রাণী হত্যা করে তার মাংস আরেকটি প্রাণীকে খাওয়ানো হবে।

চিড়িয়াখানার পরিচালক ভেরেনা কাসপারি বলেছেন, চিড়িয়াখানাকে টিকিয়ে রাখতে এমন পথে হাঁটতে হতে পারে তাদের। প্রথমে জবাই করা হবে এমন প্রাণীর তালিকাও করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সাধারণত ইস্টারের ছুটিতে জমজমাট হয়ে ওঠে এ চিড়িয়াখানাটি। দর্শনার্থীদের পর্যাপ্ত উপস্থিতির কারণে অর্থনৈতিক দিকটিও ঠিকঠাক সামলে নেয়া যায়। কিন্তু দেশব্যাপী লকডাউনের কারণে এখন চিড়িয়াখানা চালানো কঠিন হয়ে পড়েছে। এমনকি ডোনেশন চাওয়ার মতো পরিস্থিতিও এখন নেই। যে কারণে এমন কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে তাদের।

কাসপারি জানান, অপ্রীতিকর হলেও একটি প্রাণীকে অন্য প্রাণীর খাবার হিসেবে পরিবেশন করতে হবে তাদের। তাহলে কিছু প্রাণীকে হয়তো বাঁচিয়ে রাখা সম্ভব হবে। অবশ্য এর পরও অর্থনৈতিক সংকট পুরোপুরি কাটবে না বলে জানিয়েছেন তিনি।

এ সময় তিনি বলেন, সীল ও পেঙ্গুইনের মতো প্রাণী আছে, যাদের প্রতিদিন বেশ উল্লেখযোগ্য পরিমাণে মাছ খাওয়াতে হয়। এ অবস্থায় কোনো প্রাণীকে ক্ষুধায় মরতে দেয়ার চেয়ে একে অন্যের খাবার বানানোকেই সঠিক উপায় বলে মনে করছেন তিনি।

পাশাপাশি মানুষের অনুপস্থিতিও চিড়িয়াখানার অনেক প্রাণীর মাঝে বিমর্ষতা নিয়ে এসেছে বলে জানান কাসপারি।

বিবিসি