নভেল করোনাভাইরাসের চিকিৎসায় শতভাগ কার্যকরী একটি অ্যান্টিবডি আবিষ্কারের দাবি করেছে যুক্তরাষ্ট্রের সান দিয়াগোভিত্তিক বায়োটেক সংস্থা সোরেন্টো থেরাপিউটিকস। তাদের দাবি, পরীক্ষায় তাদের অ্যান্টিবডি সুস্থ মানুষের কোষে কভিড-১৯ প্রবেশে বাধা দিয়েছে। মার্কিন টেলিভিশন ফক্স নিউজ এ তথ্য জানিয়েছে।

এই অ্যান্টিবডিটিকে ওষুধে রূপান্তরের জন্য সোরেন্টো নিউইয়র্কের মাউন্ট সিনটাই স্কুল অব মেডিসিনের সঙ্গে কাজ করছে।

একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বায়োটেক সংস্থা জানিয়েছে, তারা মাসে ২ লাখ অ্যান্টিবডি তৈরি করতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে প্রত্যাশিত কভিড-১৯ ভ্যাকসিন আসার কয়েক মাস আগেই ওষুধটি বাজারে আসবে।

এদিকে ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, সোরেন্টো মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের কাছ থেকে এখনো অনুমোদন পায়নি।

সোরেন্টোর প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. হেনরি জি বলেছেন, আমরা জোর দিয়ে বলতে চাই কভিড-১৯ নিরাময়ের উপায় আছে। এটা শতভাগ কাজ করে। আপনার শরীরে যদি এই প্রতিরোধক অ্যান্টিবডি থাকে, তাহলে আপনার সামাজিক দূরত্ব মেনে চলতে হবে না। আপনি নির্ভয়ে লকডাউন তুলে দিতে পারবেন।

পরীক্ষাগারে করা তাদের ওই পরীক্ষায় একটি পেট্রি থালায় মানব কোষ ছিল। তবে সংস্থাটির প্রতিবেদনে এ অ্যান্টিবডি মানব শরীরের সংক্রমণ ব্লক করতে পারে কিনা, তা বলা হয়নি। এছাড়া এটা মানব শরীরের অভ্যন্তরে কেমন আচরণ করতে পারে এবং এটার সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়াগুলো অজানা। অ্যান্টিবডি প্যাথোজেনগুলোকে নিষ্ক্রিয় করে, যার মধ্যে করোনাভাইরাসের মতো ভাইরাস থাকে।

ডা. জি বলেন, অ্যান্টিবডি ভাইরাসের চারপাশে জড়িয়ে যায় এবং সেগুলোকে শরীর থেকে বের করে দেয়। আর অ্যান্টিবডি যখন মানুষের কোষে ভাইরাস প্রবেশে বাধা দেয়, তখন ভাইরাসটি বাঁচতে পারে না। 

যদিও সোরেন্টো এখন পর্যন্ত মানব শরীরে ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর বিষয়ে কোনো তারিখ বা পরিকল্পনা জানায়নি।

এক্সপ্রেস