এই বছর যুক্তরাষ্ট্রে ফ্লু মৌসুমের চেহারা অন্য রকম দেখাবে। কারণ দেশটিতে করোনায় এরই মধ্যে ১ লাখ ৭৬ হাজারেরও বেশি মানুষ মারা গেছে। অনেক মার্কিন চিকিৎসক তাদের কর্মস্থলে যেতে নারাজ এবং জনস্বাস্থ্য কর্মকর্তারা আশঙ্কা করছেন, অনেক মানুষ টিকা নেয়া থেকে বিরত থাকবে।

এছাড়া করোনাভাইরাস কখনো কখনো ভুলভাবে অন্য একটি খারাপ ফ্লু হিসেবে বিবেচিত হচ্ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কভিড-১৯-এর প্রভাবগুলোর সঙ্গে মিলিত হয়ে এবারের ফ্লু মৌসুম আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।

কম বয়সী, প্রবীণ ও দুর্বল স্বাস্থ্যের মানুষদের মধ্যে ফ্লু প্রতি বছর যুক্তরাষ্ট্রে কয়েক হাজার মানুষকে হত্যা করে। গত ফ্লু মৌসুমে যুক্তরাষ্ট্রের ৪৫ শতাংশেরও বেশি মানুষকে টিকা দেয়া হয়েছিল। এ বছরও যদি যথেষ্ট পরিমাণে ফ্লুর টিকা দেয়া যায় তাহলে আসন্ন শীতে এটা কভিড-১৯ ও ইনফ্লুয়েঞ্জার মারাত্মক প্রভাবগুলোতে ভুগতে থাকা রোগীদের একটি দুঃস্বপ্নের দৃশ্য থেকে বেরিয়ে আসতে সহায়তা করতে পারে।

গত সপ্তাহে পেনসিলভানিয়ার স্বাস্থ্য সচিব ডা. রাসেল লেভাইন সাংবাদিকদের বলেছেন, ফ্লু মৌসুমে হাসপাতালে রোগীদের সম্ভাব্য ভিড়ের পাশাপাশি মানুষরা উভয় ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনি একই সঙ্গে ইনফ্লুয়েঞ্জা ও কভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হন, তবে সেটা কেউ জানতেও পারবে না। কারণ এর আগে কখনো এমন পরিস্থিতি হয়নি।

ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) মতে, এ ঘটনার প্রতিক্রিয়া হিসেবে ভ্যাকসিন প্রস্তুতকারকরা এ বছর ১৯৪ থেকে ১৯৮ মিলিয়ন ডোজ বা গত বছরের চেয়ে ২০ মিলিয়ন বেশি ভ্যাকসিন সরবরাহ করছে। যুক্তরাষ্ট্রে প্রায়ই অক্টোবরে ইনফ্লুয়েঞ্জার প্রকোপ বৃদ্ধি পেতে শুরু করে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি ফ্লুর পিক সময় ধরা হয়।

সিএনএন