টানা আটদিন কভিড-১৯ সংক্রমণজনিত মৃত্যুবিহীন কাটানোর পর নভেল করোনাভাইরাস মহামারীকে ‘নিয়ন্ত্রিত’ অবস্থায় এসেছে বলে ঘোষণা করেছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল। উত্তর আমেরিকার এ দ্বীপরাষ্ট্রটিতে ক্রমেই লকডাউন তুলে দেয়ার কৌশলের পর আগামী সপ্তাহে তা সমাপ্তির ঘোষণা দেয়া হবে।

১ কোটি ১২ লাখ জনসংখ্যার দেশটিতে এখন পর্যন্ত ২ হাজার ২০০ জন ভাইরাসটিতে আক্রান্ত শনাক্ত এবং ৮৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ১ হাজার ৮৬২ জন সেরে উঠেছেন এবং এখনো ২৪৪ জন সক্রিয় আক্রান্ত রয়েছেন।

যদিও প্রেসিডেন্ট দিয়াজ-ক্যানেল বলেছেন, গত ২৮ মে থেকে নতুন সংক্রমণ দেখা না গেলেও সন্তুষ্ট হওয়ার কোনো অবকাশ নেই। শনিবার তিনি বলেন, এমন সপ্তাহ ছিল যেখানে আগের সপ্তাহগুলোর তুলনায় সক্রিয় আক্রান্তের সংখ্যা এবং প্রতিদিন নতুন সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল। কিন্তু আমরা এ মহামারীটির শেষ দিকে রয়েছি। আমাদের এখন মনোযোগ দিতে হবে এখনো সক্রিয় সংক্রমণ শেষ করতে। এর মধ্যে যেকোনো সংস্থার অবহেলা পুনরায় সংক্রমণ উৎসাহিত করতে পারে। আশা করি, আগামী সপ্তাহে সক্রিয় সংক্রমণ শেষ এবং লকডাউন তুলে দেয়ার বিষয়ে জনগণকে জানাতে সক্ষম হব।

দেশটির সব বিদ্যালয়, সীমান্ত ও গণপরিবহন বন্ধ রয়েছে এবং বাড়ির বাইরে জনসাধারণের মাস্ক পরা বাধ্যতামূলক। পর্যটন ও বৈদেশিক বাণিজ্যের ওপর নির্ভরশীল এবং ছয় দশক ধরে মার্কিন নিষেধাজ্ঞার ফলে দুর্বল অর্থনীতির এ দেশটির পক্ষে লকডাউন আরো দীর্ঘস্থায়ী করার মতো সক্ষমতা নেই। এরই মধ্যে দেশটি খাদ্য ও জ্বালানির ঘটতিতে পড়েছে এবং লকডাউন লাখ লাখ কিউবানের জীবনযাত্রার পরিস্থিতি খারাপ করে তুলেছে।

এএফপি