কভিড-১৯ নিয়ে ইউরোপ মহাদেশের কিছু শিশুর মধ্যে সমীক্ষা চালিয়ে দেখা যায়, এ রোগটিতে শিশুমৃত্যুর হার খুবই নগণ্য।

সমীক্ষায় অংশ নেয়া নভেল করোনাভাইরাসে আক্রান্ত ৫৮২ জন শিশুর মধ্যে মৃত্যুবরণ করেছে মাত্র চারজন, যাদের মধ্যে দুজন আবার আগে থেকেই স্বাস্থ্যজনিত কিছু জটিলতায় ভুগছিল।

শিশুদের মধ্যে কভিডের বেশ হালকা উপসর্গ দেখা দেয়, অনেক পজিটিভ শনাক্ত শিশুর মধ্যে তো উপসর্গই থাকে না। যদিও প্রতি ১০ জন শিশুর মধ্যে একজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখতে হয়েছে।

চিকিৎসকরা বলছেন, এই সমীক্ষার প্রতিবেদন আসলে বেশ ‘স্বস্তিদায়ক’। যদিও শিশুদের জন্য সম্ভাব্য সেরা চিকিৎসা প্রদানের লক্ষ্যে আরো কিছু কাজ করার প্রয়োজন অনুভব করছেন তারা, কেননা শিশুদের কারো কারো ক্ষেত্রে গুরুতর রোগ সৃষ্টি হতে পারে।

ইউরোপের ২৫টি দেশের ৫৮২টি শিশুর ওপর সমীক্ষা পরিচালনা করেছে লন্ডনের গ্রেট অরমন্ড স্ট্রিটের একটি দলের নেতৃত্বাধীন গবেষকরা। এসব শিশুর বয়স তিনদিন থেকে শুরু করে ১৮ বছর পর্যন্ত। এপ্রিলে প্রাদুর্ভাবটির শুরুর দিকের ঝড়ের সময় তারা সবাই কভিড-১৯ পজিটিভ হয়। এদের মধ্যে এক-চতুর্থাংশ আগে থেকে স্বাস্থ্য জটিলতায় ভুগছিল। 

যে চার শিশুর মৃত্যু হয়েছে (০.৬৯ শতাংশ) তাদের কারোরই বয়স ১০-এর নিচে ছিল না। এমনকি মৃত্যুবরণ করা দুজনের আবার আগে থেকেই জটিলতা ছিল। সমীক্ষার আওতায় আসা শিশুদের অর্ধেকের মতো হাসপাতালে ভর্তি হয় এবং প্রায় ৮ শতাংশকে নিবিড় পরিচর্যায় রাখতে হয়।

বিবিসি