কভিড-১৯-এর কারণে বিশ্বজুড়ে ভয়াবহ এক বিপর্যয় নেমে এসেছে। বেশির ভাগ দেশ লকডাউন অবস্থায় চলে যাওয়ায় অনেক অর্থনীতিতে ধস নেমেছে। ফলে প্রচুর মানুষ এখন বেকার হওয়ার পথে। সব মিলিয়ে এখনই ভয়াবহ এক ভবিষ্যতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মানুষের জীবন বাঁচাতে হলে এই লকডাউনের বিকল্প নেই। যদিও এ ধারণার সঙ্গে মোটেই একমত নন গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান টেসলা এবং মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলোন মাস্ক। তার মতে, যারা নাগরিকদের ঘরে থাকার নির্দেশ দিচ্ছে তারা ‘ফ্যাসিস্ট’। তিনি বলেন, মানুষকে জোর করে গৃহবন্দি করে রাখা হয়েছে।

লকডাউনের প্রতিবাদ করে মাস্ক বলেন, আমি এটাকে বলব, জোর করে মানুষকে নিজের ঘরে কারাবন্দি করে রাখা। আমার মতামত হচ্ছে, এটা মানুষের সাংবিধানিক অধিকারের বিরোধী। এই প্রক্রিয়ায় মানুষের স্বাধীনতাকে ক্ষুণ্ন করা ভয়ংকর এবং এটা মারাত্মক ভুলও। এজন্য মানুষ আমেরিকা তৈরি করেনি। মানুষকে তাদের স্বাধীনতা ফিরিয়ে দিন।

এদিকে সম্প্রতি টেক্সাসে মহামারীর কারণে আরোপ করা অনেক বিধিনিষেধ শিথিল করে দেয়া হয়েছে। এ সিদ্ধান্তের প্রশংসা করে একটি নিউজও শেয়ার করেছেন তিনি। যেখানে ক্যাপশন ছিল ‘ব্রাভো টেক্সাস’। পরে আরেকটি পোস্টে তিনি লিখেন ‘ফ্রি আমেরিকা নাউ’। এর আগে অবশ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও লকডাউন তুলে দেয়ার আন্দোলনকারীদের ‘মহান’ বলে সম্বোধন করেছিলেন। তবে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ দ্রুত লকডাউন তুলে দিলে পরিস্থিতি খারাপ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন।

সিএনএন