করোনাভাইরাসের আক্রমণ ও সংক্রমিতদের চিকিৎসার বিষয়ে গভীরভাবে অনুসন্ধানের জন্য বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে তৈরি করা একটা মিনি-লাং ব্যবহার করছেন। অভিনব এ কাজটি করা হয়েছে মানুষের স্টেম সেল ব্যবহার করে। এ ফুসফুসকে বিজ্ঞানীরা সার্স-কোভ-টু দিয়ে আক্রান্ত করেছেন। ফলাফল বেশ চমকপ্রদ। ল্যাবের এ ফুসফুসে আছে অ্যালভেওলার টাইপ টু এপিথেলিয়াল কোষ, যা এটি টু নামে পরিচিত। যখন করোনাভাইরাসকে এ ফুসফুসের সংস্পর্শে আনা হয় তখন খুব দ্রুত তারা এটি টু কোষকে আক্রমণ করে এবং ছড়িয়ে পড়ে। এটি ফুসফুসের কোষগুলোকে মেরে ফেলে, এমনকি যেসব জায়গায় ভাইরাস স্পর্শ করেনি। এছাড়া প্রদাহ সৃষ্টি করে। জিন এক্সপ্রেশন বিশ্লেষণ করে সংশ্লিষ্ট গবেষকরা দেখেছেন করোনাভাইরাসের কারণে সৃষ্ট এ প্রদাহ ইন্টারফেরন, সাইটোকাইন, কেমোকিনেজ তৈরি করে। এগুলোই ফুসফুসের কোষ হত্যা করে। পুরো বিষয়টি কভিড-১৯ আক্রান্তদের লক্ষণের সঙ্গে মিলে যায়। এতদিন কভিড আক্রান্তদের অটোপসি থেকে এসব জানা গিয়েছিল কিন্তু এ প্রথম জীবন্ত টিস্যুতে ভাইরাস সংক্রমণ ঘটিয়ে বিষয়টি প্রত্যক্ষ করা হয়েছে। ডিউক বিশ্ববিদ্যালয়ের গবেষক পুরুষোত্তম রাও টাটা বলেছেন, ‘সাইটোকাইন স্টেম কোষে বিস্তৃত হয়। কোষগুলোকে ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে কীভাবে শক্তি সরবরাহ করা যায়, তার একটি উপায় এখন আমরা খুঁজে দেখতে পারব।’
সায়েন্স অ্যালার্ট





