স্থূল শরীর খুব স্বাভাবিকভাবেই অনেক রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। যেমন হার্ট অ্যাটাক, ক্যান্সার ও টাইপ টু ডায়াবেটিস। প্রাথমিক গবেষণা বলছে, কভিড-১৯-এর মাধ্যমে এটি মানুষকে আরো বেশি অসুস্থ করে দিতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে এমনটা কেন ঘটছে?

এক গবেষণা বলছে, যুক্তরাজ্যে হাসপাতালে থাকা প্রায় ১৭ হাজার রোগী যারা কিনা স্থূল এবং যাদের উচ্চতা ও ওজনের হিসাব অনুযায়ী বডি মাস ইনডেক্স (বিএমআই) ৩০-এর বেশি তাদের মৃত্যুর ঝুঁকি অন্যদের চেয়ে ৩৩ শতাংশ বেশি। আরেকটি ভিন্ন গবেষণা বলছে, কভিড-১৯-এ স্থূলদের মৃত্যুর ঝুঁকি অন্যদের চেয়ে দ্বিগুণ। এছাড়া যদি কারো হূদরোগ ও টাইপ টু ডায়াবেটিসের মতো স্থূলতার সঙ্গে যুক্ত সমস্যা হয় তবে তাদের ঝুঁকি সেক্ষেত্রে আরো বেশি হবে। পাশাপাশি অন্য এক গবেষণায় দেখা গেছে, যুক্তরাজ্যে আইসিইউতে থাকা ৩৪.৫ শতাংশ রোগীর ওজন বেশি,  ৩১.৫ শতাংশ রোগীর স্থূলতার সমস্যা আছে, ৭ শতাংশ অতিরিক্ত স্থূলতার সমস্যায় ভুগছে।

ওয়ার্ল্ড অবেসিটি ফেডারেশনের পক্ষ থেকেও বলা হয়েছে, কভিড-১৯-এ আক্রান্তদের একটি উল্লেখযোগ্য অংশের বিএমআই ২৫-এর বেশি। এছাড়া যুক্তরাষ্ট্র, ইতালি ও চীনের গবেষণাও বলছে এটা বেশ ঝুঁকিপূর্ণ বিষয়।

বিবিসি