নভেল করোনাভাইরাস মোকাবেলায় গঠিত হোয়াইট হাউজের টাস্কফোর্সের শীর্ষ তিন সদস্য সেলফ কোয়ারেন্টিনে গেছেন। এ তিনজন বিশেষজ্ঞ হোয়াইট হাউজের এমন একজন কর্মীর সংস্পর্শে গিয়েছিলেন, পরে যার মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এর পরই তারা কোয়ারেন্টিনে চলে যান।
তাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের পরিচালক ডা. অ্যান্থনি ফাউসি, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) পরিচালক ডা. রবার্ট রেডফিল্ড এবং খাদ্য ও ওষুধ প্রশাসনের কমিশনার স্টিফেন হ্যান। কভিড-১৯-এর সম্ভাব্য সংক্রমণ রোধে তারা প্রত্যেকেই দূর থেকে কাজ করার আশা করছেন।
ফাউসির প্রতিষ্ঠান জানিয়েছে, ৭৯ বছর বয়সী ফাউসির কভিড-১৯ পরীক্ষায় ফল নেগেটিভ এসেছে এবং তিনি নিয়মিত পরীক্ষা চালিয়ে যাবেন। হোয়াইট হাউজের আক্রান্ত ওই কর্মীর সঙ্গে দূরত্ব বিবেচনায় তিনি তুলনামূলক কম ঝুঁকিতে আছেন। তবে ঝুঁকি হ্রাস করতে তিনি তার কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। তিনি বাড়িতে থেকে কাজ করবেন এবং হোয়াইট হাউজ থেকে ডাকা হলে তিনি দরকারি সতর্কতা গ্রহণ করবেন।
সিডিসি এক বিবৃতিতে জানিয়েছে, ঝুঁকি কম থাকলেও রবার্ট রেডফিল্ড আগামী দুই সপ্তাহ বাড়িতে থেকে
কাজ করবেন। তিনি ভালো অনুভব করছেন এবং তার মধ্যে কোনো লক্ষণ দেখা দেয়নি বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
এদিকে খাদ্য ও ওষুধ প্রশাসন নিশ্চিত করেছে স্টিফেন হ্যান এমন একজনের সংস্পর্শে এসেছিলেন, যার কভিড-১৯ শনাক্ত হয়েছে। এজন্য তিনি পরবর্তী দুই সপ্তাহ সেলফ কোয়ারেন্টিনে থাকবেন। যদিও তারও কভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
গার্ডিয়ান





