লালাভিত্তিক নতুন কভিড-১৯ পরীক্ষা বিদ্যমান পদ্ধতিগুলোর দ্রুত ও সস্তা বিকল্প হতে পারে। ইয়েল স্কুল অব পাবলিক হেলথের গবেষকদের তৈরি করা স্যালাইভাডিরেক্ট নামের এই পরীক্ষাটি শনিবার যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) কাছ থেকে জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে।কভিড-১৯ পরীক্ষা প্রচেষ্টার দায়িত্বে থাকা মার্কিন কর্মকর্তা অ্যাডাম ব্রেট গিরোয়ার বলেন, নভেল করোনাভাইরাস দ্রুত শনাক্তকরণের জন্য স্যালাইভাডিরেক্ট নতুন একটি পরীক্ষামূলক উদ্ভাবনী গেম চেঞ্জার। এটা দুর্লভ পরীক্ষা রিসোর্স কমিয়ে দেবে।

এ পরীক্ষায় বিশেষ উপকরণ প্রয়োজন হয় না। স্যালাইভাডিরেক্ট পরীক্ষার জন্য কোনো নির্দিষ্ট সোয়াব বা সংগ্রহকরণ ডিভাইসের দরকার নেই। এটা একাধিক ভেন্ডরের রিএজেন্টগুলোর সঙ্গেও ব্যবহার করা যায়।

ইয়েল বিশ্ববিদ্যালয়ের মহামারীবিদ্যার সহকারী অধ্যাপক নাথান গ্রুবোগ বলেছেন, আমরা পরীক্ষাটি সহজ করে দিয়েছি। এটাতে রিএজেন্টগুলোর জন্য কেবল কয়েক ডলার খরচ হয় এবং আমরা প্রত্যাশা করি ল্যাবগুলোতে এ পরীক্ষায় নমুনাপ্রতি প্রায় ১০ ডলার লাগবে। স্যালাইভাডিরেক্টের মতো সস্তা বিকল্পগুলো যদি সারা দেশে প্রয়োগ করা যায় তবে আমরা অবশেষে মহামারীটি নিয়ন্ত্রণের একটি উপায় পেতে পারি, এমনকি ভ্যাকসিন পাওয়ার আগেই।

গবেষকরা জানিয়েছেন, নতুন পরীক্ষাটি ৩ ঘণ্টারও কম সময়ে ফলাফল দিতে পারে এবং এটার নির্ভুলতা নাকের সোয়াব পরীক্ষার ফলাফলের মতোই। আগামী সপ্তাহগুলো থেকেই নতুন এ পরীক্ষাটি সর্বজনীনভাবে সহজলভ্য হতে পারে।

এফডিএ জানিয়েছে, ইয়েল তাদের প্রটোকলটিকে ‘ওপেন সোর্স’ হিসেবে প্রকাশের পরিকল্পনা করছে। অর্থাৎ মনোনীত ল্যাবগুলো ইয়েলের নির্দেশাবলি অনুসারে নিজস্ব পরীক্ষা করতে প্রটোকলটি অনুসরণ করতে পারে।

সিএনএন