নভেল করোনাভাইরাস মহামারীতে বিপর্যস্ত অবস্থায় দিন পার করছে গোটা পৃথিবী। আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। মূলত চীন থেকে এ ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলেও নতুন এক বিশ্লেষণ বলছে, বৈশ্বিকভাবে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে তিনটি দেশ থেকে। সেই দেশগুলো হলো চীন, ইতালি ও ইরান।
ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের প্রতিবেদন অনুসারে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে চীনের বাইরে নিশ্চিত হওয়া কেসগুলোর তিন-চতুর্থাংশের সঙ্গে যুক্ত ছিল আক্রান্ত দেশগুলো থেকে আগত ভ্রমণকারীরা।
ল্যানসেট ইনফেকশাস ডিজিজ জার্নালে সিডিসির ড. ফাতেমা দাউদ এবং তার সহকর্মীরা লিখেন, করোনা আক্রান্ত দেশগুলোতে প্রথম নিশ্চিত হওয়া কেসের দুই-তৃতীয়াংশই ছিল চীন, ইতালি কিংবা ইরানে ভ্রমণসম্পর্কিত।
দাউদের সেই বিবৃতিতে আরো বলা হয়, আমাদের অনুসন্ধানগুলো বলছে কয়েকটি দেশ থেকে যথেষ্ট পরিমাণে সার্স-কোভ-২ সংক্রমণসহ ভ্রমণের ফলে ২০২০ সালের ১১ মার্চ কভিড-১৯ মহামারী হিসেবে চিহ্নিত হওয়ার আগে বিশ্বজুড়ে অতিরিক্ত প্রাদুর্ভাব আকারে ছড়িয়ে পড়ে।
এই দলটি জাতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনলাইন রিপোর্ট এবং অন্যান্য সরকারি এজেন্সিগুলোর ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম এবং সংবাদ বিজ্ঞপ্তিগুলোতে ৩১ ডিসেম্বর থেকে ১০ মার্চ পর্যন্ত নিশ্চিত করা নভেল করোনাভাইরাস কেসগুলো খতিয়ে দেখে।
যেখানে দেখা গেছে আফ্রিকার প্রথম দিককার অর্ধেক কেস ইতালি ভ্রমণের সঙ্গে সম্পর্কিত। ইতালির ভ্রমণকারীরা ইউরোপ ও আমেরিকায়ও শুরুর দিকে ভাইরাস বহন করে নিয়ে যায়। এই বিশ্লেষণ আরো বলছে, বড় ধরনের জমায়েতই ভাইরাসের বিস্তৃতির প্রধান উৎস।
সিএনএন





