ইউরোপ মহাদেশে তরুণদের মধ্যে কভিড-১৯ সংক্রমণ বাড়ছে বলে জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থার ইউরোপীয় অঞ্চলের পরিচালক ড. হ্যানস ক্লুগে এ তথ্য দিয়েছেন। খবর দ্য গার্ডিয়ান।

একটি সময় করোনাভাইরাস সংক্রমণের কেন্দ্রস্থল হয়ে ওঠা ইউরোপে এখন সংক্রমণ কমতির দিকে। অধিকাংশ দেশ লকডাউন তুলে দিয়ে স্বাভাবিক জীবনে প্রবেশ করেছে। যদিও চলতি গ্রীষ্মে তরুণদের মধ্যে সংক্রমণ বাড়ছে। আশঙ্কার ব্যাপার হলে, আসন্ন শীতে এসব তরুণরা যখন পরিবারের অপেক্ষাকৃত বয়স্ক সদস্যদের সান্নিধ্যে যাবে তখন দেশজুড়ে সংক্রমণ আরো বাড়তে পারে। সেক্ষেত্রে হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়বে, আর মৃত্যুর সংখ্যাও বাড়বে বলে জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

তরুণদের সতর্ক করে দিয়ে ড. ক্লুগে বলেন, ‘কেউই অজেয় নয়’ এবং এই মহামারীটি আসলে ‘লম্বা লেজওয়ালা ঘূর্ণিঝড়’ এর মতো। তার মতে, কী করতে হবে তা এখন আমাদের সবার জানান। জাতিগুলোকে তিনি কার্যকর পরীক্ষা ও ট্রেসিং এর ওপর জোর দেয়ার আহ্বান জানান। যদিও বর্তমান পরিস্থিতি মোটেও ফেব্রুয়ারির মতো নয় বলে মনে করেন ক্লুগে, যখন ভাইরাস ছড়ানোর গতি ও ভয়াবহতা ছিল অন্য মাত্রায়। এখন তিনি ‘সতর্কতা’র ওপর বিশেষ জোর দিতে বললেন। তার কথায়, ‘পরিস্থিতি কীভাবে মোকাবেলা করতে হয় তা আমরা এখন জানি। শুধু তা কাজে প্রমাণ করতে হবে।’