করোনাভাইরাসের ভ্যাকসিন ও চিকিৎসা উদ্ভাবনের কাজে যুক্ত বড় সাতটি কোম্পানির সংশ্লিষ্ট তথ্য হাতিয়ে নিতে চাইছে রুশ ও উত্তর কোরিয়ার সরকারি এজেন্টরা। এক্ষেত্রে তারা কিছুটা সফলও হয়েছে। এসব তথ্য জানিয়েছে মাইক্রোসফট। ‘টার্গেটের মধ্যে আছে কানাডা, ফ্রান্স, ভারত, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের শীর্ষ ওষুধ কোম্পানি এবং ভ্যাকসিন গবেষকরা,’ এমনটা লিখেছেন মাইক্রোসফটের কাস্টমার সিকিউরিটি অ্যান্ড ট্রাস্টের করপোরেট ভাইস প্রেসিডেন্ট টম বার্ট। মাইক্রোসফটের মতে, এসব অপরাধমূলক কাজ করছে মূলত তিনটি গ্রুপ—রুশ মিলিটারি ইন্টেলিজেন্স এজেন্সির ইউনিট স্ট্রোনটিয়াম, যা ফ্যান্সি বিয়ার নামেও পরিচিত; উত্তর কোরিয়ার হ্যাকার টিম জিং বা ল্যাজারাস গ্রুপ ও সেরিয়াম। বার্ট বলেছেন, মাইক্রোসফটের সিকিউরিটি টুলস বেশির ভাগ আক্রমণ রুখে দিয়েছে। ‘টার্গেটে থাকা সব কোম্পানিকে আমরা সতর্ক করে দিয়েছি। অন্যদিকে যেসব কোম্পানি বা টার্গেটের বিরুদ্ধে আক্রমণ সফল হয়েছে তাদের আমরা সহায়তার প্রতিশ্রুতি দিয়েছি।’
মহামারীকালে করোনাভাইরাস সংক্রান্ত গবেষণা ও ভ্যাকসিনের তথ্য হ্যাকারদের আক্রমণের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু হয়ে ওঠে। মে মাসে সিআইএসএ ও এফবিআই চীনা হ্যাকারদের তত্পরতার কথা সামনে আনে। প্রায় কাছাকাছি সময়ে রয়টার্স জানিয়েছিল ইরানি হ্যাকাররা ফার্মা জায়ান্ট গিলিয়াডকে টার্গেট করেছিল।
পলিটিকো





