ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল অর্থনীতিবিদ পরিসংখ্যানগত মডেলের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশ থেকে সৃষ্ট করোনাভাইরাস সংক্রমণের বিস্তৃতি অনুমান করেছেন। মডেলটি অনুযায়ী, গত জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত অনুষ্ঠিত ট্রাম্পের ১৮টি নির্বাচনী জনসভার কারণে কমপক্ষে ৩০ হাজার সংক্রমণ ও ৭০০ জনের মৃত্যু হয়েছে।

এ খবর ট্রাম্পের বিরোধী ডেমোক্র্যাট ও জনস্বাস্থ্য কর্মকর্তাদের অভিযোগকে সমর্থন দিয়েছে যে প্রেসিডেন্ট তার রাজনৈতিক লাভের জন্য ভোটারদের ঝুঁকির মধ্যে ফেলেছেন। এ সংখ্যাগুলো নির্দিষ্ট সমাবেশে সরাসরি চিহ্নিত সংক্রমণের ভিত্তিতে গণনা করা হয়নি। বরং অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক বি ডগলাস বার্নহাইমের নেতৃত্ব স্ট্যানফোর্ডের গবেষকরা একটি রিগ্রেশন বিশ্লেষণ করেছেন। তারা ট্রাম্পের সমাবেশ করা ১৮টি অঙ্গরাজ্যের সঙ্গে সমাবেশের ঠিক আগে সমান জনসংখ্যা ও কভিড-১৯ সংক্রমণের একই ধরনের প্রবণতা থাকা ২০০টিরও বেশি অঙ্গরাজ্যের তুলনা করেছেন।

সমাবেশগুলো ২০ জুন থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল এবং কেবল প্রথম দুটি সমাবেশ হলঘরে অনুষ্ঠিত হয়েছিল। অধ্যয়নের সময়সীমা শেষেও প্রেসিডেন্ট প্রায় তিন ডজন সমাবেশ করেছেন। মডেলটির ওপর ভিত্তি করে গবেষকরা সিদ্ধান্তে পৌঁছেছেন, ১৮টি সমাবেশে গড়ে প্রতি ১ লাখ বাসিন্দায় ২৫০টিরও বেশি নিশ্চিত সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এই হিসাবে সমাবেশগুলো থেকে ৩০ হাজারেরও বেশি নিশ্চিত সংক্রমণের ঘটনা ঘটেছে এবং সমাবেশগুলো ৭০০ জনেরও বেশি মানুষ মৃত্যুর জন্য দায়ী। যদিও এ মৃত্যুগুলো কেবল উপস্থিতদের মধ্যেই ঘটেনি। তবে মার্কিন নির্বাচনের কয়েকদিন আগে একাডেমিক ওয়েবসাইট ও টুইটারে পোস্ট করা এ গবেষণাটি নিয়ে প্রশ্ন ওঠার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না।

নিউইয়র্ক টাইমস