নতুন এক মডেলে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে সবাই মাস্ক ব্যবহার শুরু না করলে ১ অক্টোবর নাগাদ দেশটিতে কভিড-১৯-এ মৃতের সংখ্যা বেড়ে হতে পারে ১ লাখ ৮০ হাজার।

ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভোলিউশন তাদের নতুন প্রজেকশন থেকে দেখিয়েছে যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানায় কোনো পরিবর্তন এলে ১ অক্টোবর করোনাজনিত মৃত্যু ১৭৯১০৬-এ গিয়ে ঠেকতে পারে।

তবে যদি ৯৫ শতাংশ মার্কিন জনপরিসরে অবস্থানকালে মাস্ক ব্যবহার শুরু করে তাহলে মৃতের সংখ্যা কমে হবে ১৪৬০০০।

ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভোলিউশন এর আগে একটি প্রজেকশনে ১ অক্টোবর নাগাদ মৃতের সংখ্যা ২০১১২৯ দেখিয়েছিল। তবে সম্প্রতি প্রতিষ্ঠানের পরিচালক ক্রিস্টোফার মারে বলেছেন, ‘ক্যালিফোর্নিয়া ও আরো কিছু রাজ্যে গত কয়েকদিনে কেসের সংখ্যা বেড়েছে কিন্তু মৃত্যু একই হারে বৃদ্ধি পায়নি। অনেক রাজ্যে সবকিছু খুলে গেলেও এটা নিয়ে সন্দেহ নেই যে যুক্তরাষ্ট্র এখনো মহামারীর সঙ্গে লড়াই করছে। আক্রান্তের সংখ্যা আগস্টের শেষে ও সেপ্টেম্বরে আরো বাড়তে পারে।’

মারে আরো বলেন, ‘মানুষের এটা জানা প্রয়োজন যে মাস্ক ব্যবহার কভিড-১৯ সংক্রমণের হার ৫০ শতাংশ হ্রাস করতে পারে।’

গত ১২ জুন সিডিসির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ৭৪ শতাংশ মার্কিন জানিয়েছে যে তারা সবসময় বা মাঝে মাঝে মাস্ক ব্যবহার করে। নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসে এই হার ৯০ শতাংশে উন্নীত হয়েছে।

সিএনএন