ইয়েমেনের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। দেশটির লাখ লাখ নাগরিকের আক্রান্ত হওয়া ও ৮৫ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা করছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। গতকাল সংস্থাটি এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি জানিয়েছে, ইম্পেরিয়াল কলে লন্ডন ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সরবরাহ করা ডেটা ও মডেলিং ব্যবহার করে তারা ইয়েমেনের এই চিত্রটি তৈরি করেছে।
ইয়েমেনে আইআরসি পরিচালক তামুনা শাবাজে বলেছেন, ‘ইয়েমেনে আমরা যেমনটা দেখছি সে রকম ট্র্যাজেডি আগে কখনো ঘটেনি। দেশটিতে দ্রুতগতিতে কভিড-১৯ বিস্তৃতি লাভ করছে। কত মানুষ এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে সে বিষয়ে আমার কিছুই বলতে পারি না। কারণ দেশটির স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। দেশটির করোনা শনাক্তের পরীক্ষা করার সামর্থ্য খুবই সীমিত।’
তামুনা আরো বলেন, ‘বোমা ও বিমান হামলা অব্যাহত আছে। আমরা মহামারী নিয়ন্ত্রণ করতে পারছি না এবং ইয়েমেনের মানুষের মানবিক জরুরি প্রয়োজনের কথাও তুলে ধরতে পারছি না। এট দুনিয়ার জেগে ওঠা ও ইয়েমেনের দিকে দৃষ্টি দেয়ার সময়।’
বেশ কয়েক বছর ধরেই ইয়েমেন যুদ্ধ আর রাজনৈতিক অস্থিরতায় কঠিন সময় পার করছে। শিয়াপন্থী হুথি বিদ্রোহীরা দেশটির মর্কিন প্রশাসন সমর্থিত সরকারকে হটিয়ে দিয়ে রাজধানী সানার নিয়ন্ত্রণ নেয়। এর পর থেকে সেখানে চলছে নানামুখী সামরিক তত্পরতা ও যুদ্ধ। সৌদি নেতৃত্বাধীন জোট হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে।
সিএনএন





