করোনাভাইরাস ভ্যাকসিনের জরুরি অনুমোদনের বিষয়ে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) খসড়া নির্দেশিকাটি আটকে দিয়েছে হোয়াইট হাউজ। নতুন নির্দেশিকাটি অনুমোদিত হলে নির্বাচনের আগে ভ্যাকসিন অনুমোদন দেয়ার বিষয়ে ট্রাম্পের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করা সম্ভব হতো না।

হোয়াইট হাউজে আটকে গেলেও এফডিএ এখন ভ্যাকসিন অনুমোদনে নির্দেশিকাগুলো পূরণ করতে অন্য সুযোগগুলো খুঁজছে। খসড়া নির্দেশিকাটিতে ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের ডাটাগুলোর জন্য আরো সুনির্দিষ্ট মানদণ্ড তৈরি করবে এবং যেকোনো ভ্যাকসিন অনুমোদনের আগে স্বাধীন বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে ডাটাগুলো পর্যালোচনা করার প্রয়োজন হবে। এছাড়া জরুরি অনুমোদনের জন্য বিবেচনার আগে ভ্যাকসিনের চূড়ান্ত ডোজ পাওয়ার পর অংশগ্রহণকারীদের কমপক্ষে দুই মাস পর্যবেক্ষণ করারও বাধ্যবাধকতা ছিল।

এফডিএ দুই সপ্তাহেরও বেশি আগে অনুমোদনের জন্য নির্দেশিকাটি হোয়াইট হাউজের ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট অফিসে জমা দেয়। তবে সেটা হোয়াইট হাউজের চিফ অব স্টাফ মার্ক মিডোজের কার্যালয়ে গিয়ে আটকে যায়। নির্দেশিকাটির অনুমোদন এখন অসম্ভব হিসেবে দেখা হচ্ছে। ২১ সেপ্টেম্বর জমা দেয়ার সঙ্গে সঙ্গে এ দ্বন্দ্ব শুরু হয়েছিল। পরের দিন এফডিএ কমিশনার ডা. স্টিফেন হ্যান বিষয়টি সম্পর্কে ট্রাম্পের স্বাস্থ্য সচিবকে অবহিত করেছিলেন। এফডিএর একজন সিনিয়র কর্মকর্তা বলেন, মার্ক মিডোজ নির্দেশিকাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং ডোজ দেয়ার পর দুই মাসের পর্যবেক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

নির্দেশিকাটির অনুমোদনের বিষয়ে ২৩ সেপ্টেম্বর ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, আমরা এটা অনুমোদন দিতে পারি, আবার নাও দিতে পারি। নির্দেশিকাটি রাজনৈতিকভাবে প্রভাবিত হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি।

নিউইয়র্ক টাইমস