ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ থেকে টার্কি প্লাকারদের অবাধে আসতে না দিলে আসন্ন বড়দিনে যুক্তরাজ্যে টার্কির সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির পোলট্রি ইন্ডাস্ট্রির সংশ্লিষ্টরা।

যুক্তরাজ্যের পোলট্রি মালিকরা সরকারের কাছে ইউরোপীয় ইউনিয়নের হাজারখানেক টার্কি প্লাকারের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দেয়ার আহ্বান জানিয়েছেন। এ টার্কি প্লাকারদের যুক্তরাজ্যে প্রবেশ করতে না দিলে বড়দিনে টার্কির সংকট কিংবা দাম বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

ব্রিটিশ পোলট্রি কাউন্সিল বলেছে, উচ্চমানের দক্ষতা সম্পন্ন টার্কি প্লাকার ও কসাইদের সংকট আছে যুক্তরাজ্যে এবং তাদের জন্য যদি কভিড সংক্রান্ত কোয়ারেন্টিন শিথিল করা না হয়, তাহলে এ বছরের বড়দিনে টার্কির সংকট তৈরি হবে।

প্রতি বছর বড়দিনের জন্য ব্রিটেনে ৯০ লাখ টার্কি পালন করা হয় এবং এ মৌসুমি আয়োজনের অতিরিক্ত চাপ বাইরের শ্রমিকদের সহায়তা ছাড়া যুক্তরাজ্যের পক্ষে সামাল দেয়া সম্ভব নয়। ব্রিটিশ পোলট্রি কাউন্সিল এমনটা মনে করে। পোল্যান্ড, রোমানিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, চেক রিপাবলিক, স্লোভাকিয়া ও স্লোভেনিয়া থেকে অন্তত হাজারখানেক শ্রমিককে অক্টোবরের শেষে যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি দেয়ার অনুরোধ করছে ব্রিটিশ পোলট্রি কাউন্সিল। এ শ্রমিকরা মূলত টার্কি জবাই, প্লাক ও প্রক্রিয়াজাতের কাজ করেন।

কাউন্সিল বলছে, এসব শ্রমিক মূলত দুই মাসের চুক্তিতে আসেন। এখন যদি এর মধ্যে তাদের ১৭ দিন কোয়ারেন্টিনে থাকতে হয়, তাহলে তারা কেউ আসতে আগ্রহী হবেন না। সংগঠনটির প্রধান নির্বাহী রিচার্ড গ্রিফিথস বলেছেন, ‘কর্মীদের এই শূন্যতা যদি পূরণ করা না যায়, তাহলে টার্কির উৎপাদনের ওপর বড় নেতিবাচক প্রভাব পড়বে এবং এতে দাম বেড়ে যেতে পারে।

দ্য গার্ডিয়ান