ইতালিতে নভেল করোনাভাইরাস নিয়ে সরকারের প্রতিক্রিয়ায় উগ্র ডানপন্থী ও ফুটবল অনুরাগীদের একটি সমাবেশ কিছু সময়ের জন্য সহিংস হয়ে উঠেছিল। রাজধানী রোমের কেন্দ্রস্থলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের এ সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় পুলিশ জলকামান, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ এবং বেশ কয়েকজনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
সমাবেশ থেকে কয়েকশ বিক্ষোভকারী মহামারীর পর অর্থনীতি ও চাকরির যে ক্ষতি হয়েছে, তা মোকাবেলায় ব্যর্থতার দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছিল।
কভিড-১৯-এর প্রাদুর্ভাব শুরু হওয়ার পর ৩৩ হাজার ৮০০-এরও বেশি প্রাণহানি এবং ২ লাখ ৩৪ হাজারের বেশি আক্রান্তের ঘটনায় ইউরোপের এ দেশটি বিপর্যস্ত।
সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, বিক্ষোভকারীরা সার্কাস ম্যাক্সিমাসের আশপাশের অঞ্চলে জড়ো হয়েছিল। তাদের একজন প্রতিনিধি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে শুরু করলে সংঘর্ষ শুরু হয়। কিছু বিক্ষোভকারী পুলিশ, সাংবাদিক ও ফটোগ্রাফারদের দিকে বোতল, পাথর ও ধোঁয়া বোমা নিক্ষেপ করেছিল এবং ‘সাংবাদিক সন্ত্রাসী’
বলে চিত্কার করেছিল।
একজন বিক্ষোভকারী রয়টার্সকে বলেছেন, বিক্ষোভে অংশ নেয়া কিছু মানুষ ইতালিতে তাদের বৈধতা ও মর্যাদা ফিরিয়ে আনতে চেয়েছিল। আমরা পুরো বিশ্বকে বোঝাতে এখানে এসেছি যে আজ ইতালিতে সব শ্রেণীর শ্রমিক সরকার দ্বারা বিধ্বস্ত ও বিপর্যস্ত অবস্থায় পড়েছে। বাস্তবে সরকার ইতালীয়দের স্বার্থ রক্ষা করছে না।
অভ্যন্তরীণ ভ্রমণ ও আন্তর্জাতিক সীমানা খোলার মধ্য দিয়ে ইতালি লকডাউন শিথিল করার চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছে। প্রধানমন্ত্রী জোসেফ কন্তে বলেছেন, সরকার সামাজিক অর্থ প্রদান কার্যক্রম দ্রুত করার কাজ করছে এবং কর ব্যবস্থা সংস্কারের বড় একটি উদ্যোগ নিয়েছে।
বিবিসি





