করোনাভাইরাস সংক্রমণের বিস্তার রোধে চলা লকডাউন অনেক দেশ শিথিল করতে শুরু করেছে। তবে গাড়ি চলার পরিবর্তে শিশুদের খেলাধুলা, হাঁটা ও সাইকেল চালানোর অনুমতি দেয়া হচ্ছে। এমন শহরগুলোর বেশির ভাগ রাস্তায় গাড়ি রুখতে ব্যারিকেডগুলো এখনো রয়ে গেছে। লকডাউন শিথিলের পাশাপাশি সামাজিক দূরত্বের বিষয়ে জোর দিতে রাস্তায় সাইকেলের জন্য আলাদা লেন করা হচ্ছে।

যুক্তরাজ্যের গ্লাসগো, লিচেস্টার, ইয়র্ক ও ব্রাইটনসহ অনেক শহরে হাঁটার ও সাইকেল চালানোর জন্য আলাদা লেন তৈরি করা হয়েছে। এবং অনেক শহর রাস্তায় এমন আলাদা লেন করার চিন্তা করছে।

শুক্রবার লন্ডনের মেয়র সাদিক খান জানিয়েছিলেন, তিনি শহরের ব্যস্ততম কয়েকটি রাস্তা বন্ধ করে দেবেন। লন্ডনের বড় একটি অংশে গাড়ি ও কাভার্ড ভ্যান বন্ধ করার পরিকল্পনা বিশ্বের বৃহত্তম গাড়িমুক্ত অঞ্চল তৈরি করবে। তিনি বলেন, অনেক লন্ডনবাসী লকডাউনে হাঁটাচলা ও সাইকেল চালানোর আনন্দগুলো আবার আবিষ্কার করছেন। অস্থায়ী সাইকেল লেন তৈরি করা এবং রাস্তা বন্ধ করে দ্রুত ও সস্তায় ফুটপাত প্রশস্ত করার মাধ্যমে আমরা লাখ লাখ মানুষকে শহরের আশপাশে যাওয়ার পথ পরিবর্তন করে দিতে সক্ষম হব।

তিনি স্বীকার করেছেন যে এই পরিবর্তনগুলো অনেক লন্ডনবাসীর জন্য ব্যাঘাত সৃষ্টি করবে। তবে তিনি জানিয়েছেন, লন্ডনের রাস্তাগুলো দ্রুত পুনর্নির্মাণ করা ছাড়া তার আর কোনো উপায় নেই। তিনি বলেন, জনস্বাস্থ্য সংকট মোকাবেলা করতে আমাদের শহরের সবুজ পুনরুদ্ধার এবং বিষাক্ত বায়ু হ্রাস করা নিশ্চিত করতে হবে। সাম্প্রতিক পদক্ষেপগুলো যদিও কভিড-১৯ মোকাবেলায় সাময়িক পদক্ষেপ, তবে স্থানীয়দের সঙ্গে আলোচনা করে এগুলো দীর্ঘস্থায়ী করা হবে।

এ ঘটনায় লন্ডনে সাইকেল বিক্রিও কয়েক গুণ বেড়ে গেছে। সাইকেল প্রস্তুতকারক সংস্থা হালফোর্ডস বলছে, লকডাউন ঘোষণার পর থেকে তাদের সাইকেলের বিক্রি ৫০০ শতাংশ বেড়ে গেছে।

বিবিসি