কিংস কলেজের এক সমীক্ষা দেখতে পায়, প্রতি সাতজনের মধ্যে একজন ব্রিটিশ নাগরিক নিজ বাড়িতে বন্ধুবান্ধব কিংবা আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ করে লকডাউনের নিয়ম ভেঙেছে। মানুষজন আসলে কীভাবে বুঝতে পারবে যে সামাজিকীকরণের সময় তারা সংক্রমণের কম ঝুঁকির মধ্যেই রয়েছে?
সামাজিকীকরণের সময় কী নিয়ম মেনে চলবেন?
লকডাউন তুলে নেয়ার ক্ষেত্রে কিছু কিছু আন্তর্জাতিক মডেলে সামাজিক দূরত্ব বজায় না রেখেই মানুষজনকে অন্য পরিবারের মানুষের সঙ্গে সামাজিকীকরণের অনুমতি দিচ্ছে—এ স্ট্র্যাটেজিকে বলা হচ্ছে ‘সোস্যাল বাবলস’। এটি নিয়ে সাসেক্স বিজনেস স্কুলের রিসার্চ ফেলো ড. জসুয়া মুন বলেন, ‘সোস্যাল বাবল এমন ধারণার ওপর প্রতিষ্ঠিত, যেখানে প্রায়ই মিথষ্ক্রিয়া ঘটা একাধিক ঘনিষ্ঠ পরিবারের পুনর্মিলন বা সামাজিকীকরণকে বোঝায়। অন্যদিকে এমন কিছু আগন্তুক মানুষ থাকে যাদের সঙ্গে আপনার একবার কিংবা দুবার যোগাযোগ হয়েছে, এরপর আর কখনই সাক্ষাৎ ঘটেনি।’
এই ‘সোস্যাল বাবলস’
স্ট্র্যাটেজি কিন্তু যুক্তরাজ্যের ক্ষেত্রে প্রয়োগ করা হয়নি।
সব উন্নত দেশেই মানুষজনকে এটা মনে করিয়ে দেয়া হয়েছে, আপনি বন্ধুবান্ধব কিংবা পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন, তার মানে এই নয়, আপনি স্পর্শ করবেন কিংবা কাছাকাছি হবেন। এর মধ্যে রয়েছে আলিঙ্গন করা কিংবা চুমু খাওয়া। আপনার পরিবারের সদস্য কিংবা অন্য কারো সঙ্গে সাক্ষাতের সময় অবশ্যই দুই মিটার দূরত্ব বজায় রেখে চলবেন।
এছাড়া বাইরে দেখাসাক্ষাতে আপনি এমন জায়গা বেছে নেবেন যেখানে সংক্রমণের ঝুঁকি অপেক্ষাকৃত কম। এটা হতে পারে ব্যক্তিগত বাগান কিংবা পাবলিক পার্ক। এ মুহূর্তে যুক্তরাজ্যে ঘরের অভ্যন্তরে এক পরিবারের সঙ্গে অন্য পরিবারের মানুষদের সাক্ষাতের অনুমতি নেই। যদিও এ নিয়মটির পরিবর্তন হতে পারে।
কতদূর ভ্রমণ করা যাবে?
১ জুন থেকে ওয়েলসের এক পরিবার অন্য পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে পারছে, যদিও তাদের নিজ এলাকায়ই থাকার নির্দেশ দেয়া হয় এবং পাঁচ মাইলের বেশি দূরে না যাওয়ার কথা বলা হয়। ইংল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে অবশ্য বলা হয়নি, বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে সাক্ষাতের জন্য কতদূর যাওয়া যাবে কিংবা কতদূর যাওয়া যাবে না। যদিও বলা হয়েছে, যতটা সম্ভব নিজের এলাকায়ই থাকতে।
অন্যের বাসায় রাত্রিযাপন করা যাবে?
লকডাউন শিথিল করা হলেও যুক্তরাজ্যের কোথাও এখনই অন্যের বাসায় রাতযাপনের অনুমতি দেয়া হয়নি।
অন্য পরিবারের টয়লেট ব্যবহার করা যাবে?
প্রফেসর ক্রিস উইটি বলেছেন, কেউ যদি অন্য কারো বাসার টয়লেট ব্যবহার করে, তবে অবশ্যই ব্যবহার শেষে ভালোভাবে পরিষ্কার করে রাখতে হবে। টয়লেট ব্যবহার করে তাকে অবশ্যই হাত ভালোভাবে ধুতে হবে।
খাবার কি ভাগাভাগি করা যাবে?
নতুন নিয়মের ঘোষণা দেয়ার সময় বরিস জনসন পরিবারের মধ্যে বারবিকিউ কিংবা পিকনিকের সম্ভাবনার কথা উল্লেখ করেন। কিন্তু খাবার ভাগাভাগি করা কি নিরাপদ? প্রফেসর উইটি বলেন, ‘বারবিকিউ করার সময় খেয়াল রাখবেন, হাত ধোয়া না থাকলেই খাবার একজন থেকে আরেকজনকে দেয়ার সময় আপনি ভাইরাসটিও হস্তান্তর করলেন। কাজেই দূরত্বে থাকার পাশাপাশি ভালো করে হাতও ধুয়ে নিন, এটা বেশ গুরুত্বপূর্ণ।’
ইনডিপেনডেন্ট





