যুক্তরাজ্যের কিছু শিশুর মধ্যে বিরল কিন্তু বিপজ্জনক উপসর্গ দেখা গেছে, যা করোনাভাইরাসের সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে চিকিৎসকদের সতর্ক করেছে দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)। সারা দেশের চিকিৎসকদের কাছে পাঠানো সতর্কবার্তায় বলা হয়েছে, লন্ডন ও যুক্তরাজ্যের অন্যান্য অংশে আইসিইউতে কিছু অসুস্থ শিশুর চিকিৎসা দেয়া হচ্ছে, যাদের লক্ষণগুলো একেবারেই অস্বাভাবিক।

লক্ষণগুলোর মধ্যে আছে ফ্লুর মতো জ্বরের পাশাপাশি শরীরের বিভিন্ন অংশে প্রদাহজনিত সমস্যা। এ জাতীয় লক্ষণগুলো দেখা দেয়া শিশুদের মধ্যে কয়েকজনের করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে, তবে সবার নয়। এটা পরিষ্কার নয় যে ঠিক কতজন শিশুর মধ্যে এমন লক্ষণগুলো দেখা গেছে। তবে ধারণা করা হচ্ছে তাদের সংখ্যা কম।

এনএইচএসের মেডিকেল পরিচালক স্টিফেন পাওস বলেছেন, শিশুদের মধ্যে এমন বিরল ও গুরুতর অসুস্থতার খবর সম্পর্কে আমরা সতর্ক রয়েছি। গত কয়েকদিনই প্রথমবারের মতো এমন খবরগুলো পেয়েছি। আমরা আমাদের বিশেষজ্ঞদের এটা জরুরি বিষয় হিসেবে অনুসন্ধান করতে বলেছি।

বিভিন্ন বয়সী শিশু ও তরুণের মধ্যে খুব বেশি অসুস্থতার লক্ষণগুলো দেখা যাচ্ছে। তাদের মধ্যে তীব্র জ্বর, নিম্ন রক্তচাপ, শরীরে র্যাশ বা ফুসকুড়ি এবং শ্বাসকষ্ট দেখা যাচ্ছে। কারো কারো মধ্যে আবার পেটে ব্যথা, বমি বমি ভাব, ডায়রিয়া, হূিপণ্ডের প্রদাহ এবং রক্ত পরীক্ষায় অস্বাভাবিক ফল আসার মতো লক্ষণগুলো দেখা গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, কোনো সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শরীরের প্রতিরোধক্ষমতা হেরে যাওয়ার মতো অবস্থা হলে এমন লক্ষণগুলো দেখা যায়।

কেমব্রিজের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. নাজিমা পাঠান বলেন, স্পেন ও ইতালিতে থাকা তার সহকর্মীরা শিশুদের মধ্যে একই ধরনের সংক্রমণের খবর তাকে জানিয়েছেন।

বিবিসি